শুক্রবার , ২০ নভেম্বর ২০২৬
শুক্রবার , ২০ নভেম্বর ২০২৬
হোম › অর্থনীতি-ব্যবসা › সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত উত্তোলন শুরু ১ জানুয়ারি থেকে, প্রাথমিক সীমা ২ লাখ টাকা

সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত উত্তোলন শুরু ১ জানুয়ারি থেকে, প্রাথমিক সীমা ২ লাখ টাকা

favicon
ভোরের আলো ডেস্ক:
সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত উত্তোলন শুরু ১ জানুয়ারি থেকে, প্রাথমিক সীমা ২ লাখ টাকা

পাঁচটি ব্যাংক একীভূত হয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে টাকা উত্তোলনের সুযোগ পাচ্ছেন। বাংলাদেশ ব্যাংকের জারি করা এক প্রজ্ঞাপন অনুযায়ী, প্রাথমিকভাবে চলতি ও সঞ্চয়ী হিসাব থেকে সর্বোচ্চ দুই লাখ টাকা উত্তোলন করা যাবে।


প্রজ্ঞাপনে বলা হয়েছে, কোনো চলতি বা সঞ্চয়ী হিসাবে দুই লাখ টাকার বেশি জমা থাকলে পরবর্তী সময়ে প্রতি তিন মাস পর এক লাখ টাকা করে সর্বোচ্চ সাত লাখ টাকা পর্যন্ত উত্তোলন করা যাবে। তবে কিডনি ডায়ালিসিস ও ক্যান্সারে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে এই সীমাবদ্ধতা প্রযোজ্য হবে না। টাকা উত্তোলনের ক্ষেত্রে ব্যক্তি আমানতকারীদের অগ্রাধিকার দেওয়া হবে।


প্রাতিষ্ঠানিক আমানতের ক্ষেত্রে সাত লাখ টাকার বেশি অংশ পাঁচ বছর মেয়াদি আমানতে রূপান্তর করা হবে। এ আমানতের বিপরীতে ব্যাংক রেটের তুলনায় এক শতাংশ কম, অর্থাৎ তিন শতাংশ হারে মুনাফা প্রদান করা হবে।


এছাড়া, দুই বছর পর আমানতকারীরা তাদের সম্পূর্ণ আমানত উত্তোলনের সুযোগ পাবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। তবে শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, হাসপাতাল, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুয়িটি, জয়েন্ট ভেঞ্চার ও বহুজাতিক কোম্পানি, রেজল্যুশনের আওতাভুক্ত ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানি এবং বিদেশি দূতাবাসগুলোর ক্ষেত্রে পর্যায়ক্রমে স্বাভাবিক লেনদেন চালুর ব্যবস্থা নেওয়া হবে।


প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, চলতি ও সঞ্চয়ী হিসাবের বাইরে ব্যক্তি পর্যায়ের তিন মাস মেয়াদি আমানত স্বয়ংক্রিয়ভাবে তিনবার নবায়নের পর উত্তোলন করা যাবে। আর ছয় মাস থেকে এক বছর মেয়াদি আমানত দুইবার নবায়নের পর উত্তোলনের সুযোগ পাওয়া যাবে।