মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় তীব্র প্রতিবাদ আসিফ নজরুলের
বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তিনি অভিযোগ করেছেন, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর চাপের কাছে নতি স্বীকার করে ভারতীয় ক্রিকেট বোর্ড কলকাতা নাইট রাইডার্সকে মুস্তাফিজকে দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে আসিফ নজরুল লেখেন, “উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নতি স্বীকার করে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”
ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) নির্দেশ দিয়েছেন, পুরো বিষয়টি ব্যাখ্যা করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে লিখিতভাবে জানাতে। তিনি বলেন, চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও যদি বাংলাদেশের একজন ক্রিকেটার ভারতে খেলতে না পারেন, তাহলে বাংলাদেশের পুরো ক্রিকেট দল সেখানে বিশ্বকাপ খেলতে যাওয়াকে নিরাপদ মনে করতে পারে না।
এ প্রসঙ্গে তিনি বিসিবিকে বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ জানাতে নির্দেশ দিয়েছেন বলেও জানান।
এ ছাড়া বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের উদ্যোগ নিতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে অনুরোধ করেছেন আসিফ নজরুল। তিনি লেখেন, “আমরা কোনো অবস্থাতেই বাংলাদেশের ক্রিকেট, ক্রিকেটার ও বাংলাদেশকে অবমাননা মেনে নেব না।”