নিরাপত্তার শঙ্কায় ভারত মাতৃক বিশ্বকাপে খেলবে না বাংলাদেশ
ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে আগামী মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বাংলাদেশ তাদের ম্যাচগুলো ভারতের মাটিতে খেলবে। তবে নিরাপত্তা সংক্রান্ত শঙ্কায় দল পাঠানো সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
রবিবার বিসিবি আইসিসিকে ই-মেইল বার্তায় বিষয়টি জানিয়েছে। মেইলে বোর্ড জানিয়েছে, নিরাপত্তার কারণে ভারতের ভেন্যুতে দল পাঠানো সম্ভব নয় এবং বাংলাদেশের ম্যাচগুলো অন্য দেশে সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
একই দিনে বিসিবির বোর্ড পরিচালকদের সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ভারতের মাটিতে বিশ্বকাপের কোনো ম্যাচে অংশ নেবে না বাংলাদেশ।
এর আগে ভারতের আইপিএল ফ্রেঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সকে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) নির্দেশ দেয় মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার জন্য। বিষয়টি দেশের ক্রিকেট ভক্তদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করে। একজন ক্রিকেটারের নিরাপত্তা দিতে না পারলে পুরো দলের নিরাপত্তা নিয়ে সংশয় দেখা দেবে—এই যুক্তিতে বিসিবি এই সিদ্ধান্ত নিয়েছে।
সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলও ফেসবুকে জানিয়েছেন, “চুক্তির আওতায় থেকেও যদি কোনো বাংলাদেশি ক্রিকেটার ভারতে খেলতে না পারেন, তাহলে জাতীয় দল বিশ্বকাপে ভারতে গিয়ে নিরাপদ বোধ করবে না। তাই আমি বোর্ডকে অনুরোধ করেছি, বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচগুলো যেন শ্রীলঙ্কায় আয়োজন করা হয়।”