শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারতে ১৮ জানুয়ারি কক্সবাজার যাচ্ছেন তারেক রহমান
জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করতে আগামী ১৮ জানুয়ারি কক্সবাজার সফরে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (৫ জানুয়ারি) দিবাগত রাতে জেলা বিএনপির প্রচার সম্পাদক আকতার উদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সবকিছু পরিকল্পনা অনুযায়ী থাকলে ১৮ জানুয়ারি তারেক রহমান কক্সবাজারের পেকুয়া উপজেলায় শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করবেন।
এর আগে, দীর্ঘ ১৯ বছর পর আগামী ১১ জানুয়ারি বগুড়া সফরে যাওয়ার কথা রয়েছে তারেক রহমানের। এরপর ১২ জানুয়ারি তিনি রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে চট্টগ্রামের মুরাদপুর এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষে বিকেল প্রায় ৩টার দিকে শহীদ হন ওয়াসিম আকরাম। তিনি চট্টগ্রাম কলেজের স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন এবং চট্টগ্রাম কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।