মুস্তাফিজ ইস্যুতে আইপিএল নিয়ে অনিশ্চয়তায় তানজিম সাকিব, ক্রিকেটে রাজনীতি না আনার আহ্বান
আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ভারত-বাংলাদেশ সম্পর্কের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। বিসিসিআইয়ের এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ, যা আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক—দুইভাবেই জানানো হচ্ছে।
এ পরিস্থিতিতে আগামী মৌসুমে আইপিএলে খেলতে নাম দেবেন কি না—এ বিষয়ে আজ প্রশ্ন করা হয় জাতীয় দলের পেসার তানজিম হাসান সাকিবকে। উত্তরে তিনি বলেন, বিষয়টি নিয়ে ভাবতে হবে।
সিলেটে বিপিএলে রাজশাহী ওয়ারিয়র্সের অনুশীলন শেষে তানজিম সাকিব বলেন, একজন ক্রিকেটার হিসেবে আইপিএলে খেলার আগ্রহ স্বাভাবিকভাবেই থাকে। সে কারণেই খেলোয়াড়রা নাম দেন। তবে পরবর্তী মৌসুমে আইপিএলে অংশগ্রহণের বিষয়ে এজেন্ট ও দেশের সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পেছনে বিসিসিআই কোনো নির্দিষ্ট কারণ জানায়নি। এ বিষয়ে তানজিম সাকিব বলেন, যদি রাজনৈতিক কারণে মুস্তাফিজকে বাদ দেওয়া হয়ে থাকে, তবে তা ক্রিকেটের জন্য ভালো নয়। তিনি বলেন, মুস্তাফিজকে কেন সরিয়ে দেওয়া হয়েছে—এটা কেউ নিশ্চিতভাবে জানে না। হয়তো রাজনৈতিক কোনো ইস্যু থাকতে পারে, তবে ক্রিকেটে রাজনীতি না আসাই কাম্য।
এদিকে বিসিসিআইয়ের সিদ্ধান্তের প্রতিবাদে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ। নিরাপত্তার শঙ্কার কথা উল্লেখ করে বিশ্বকাপের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজনের দাবি জানিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শুধু বিসিবিই নয়, এ ঘটনায় আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ও। মন্ত্রণালয়ের নির্দেশনায় বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।