ইসির অনুরোধে তারেক রহমানের উত্তরবঙ্গ সফর সাময়িক স্থগিত
নির্বাচন কমিশনের অনুরোধের পরিপ্রেক্ষিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উত্তরবঙ্গ সফর আপাতত স্থগিত করা হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান পরিস্থিতি বিবেচনায় নির্বাচন কমিশনের অনুরোধে তারেক রহমানের উত্তরবঙ্গ সফর সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। সফরের নতুন সময়সূচি পরবর্তীতে জানানো হবে।
তিনি আরও জানান, দলের গঠনতন্ত্র অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে।
উক্ত স্থায়ী কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন তারেক রহমান। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ, যার মধ্যে রয়েছেন—মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম এবং এ জেড এম জাহিদ হোসেন।