ব্যাংকিং খাত স্থিতিশীল হলেও এখনই সুদের হার কমানো কঠিন: ড. সালেহউদ্দিন
ব্যাংকিং খাত বর্তমানে অনেকটাই স্থিতিশীল হলেও এই মুহূর্তে ব্যাংক ঋণের সুদের হার কমানো সহজ নয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘ব্যাংকিং অ্যালমানাক’ প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাস্তবতা বিবেচনায় নিয়ে এখনই সুদের হার কমানোর সুযোগ নেই। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, ব্যবসায়ী সমাজ ও সাধারণ জনগণের সহযোগিতা ছাড়া সরকারের একার পক্ষে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।
অর্থ উপদেষ্টা বলেন, নীতিনির্ধারণের ক্ষেত্রে জনপ্রিয়তার চাপে সিদ্ধান্ত নেওয়া যায় না; বরং দেশের সামগ্রিক স্বার্থকে অগ্রাধিকার দিতে হয়। তিনি স্বীকার করেন, নীতি প্রণয়নের সময় সবাইকে সন্তুষ্ট করা সম্ভব নয় এবং এতে ভুলের সম্ভাবনাও থাকে।
নিজের দায়িত্ব ও ভূমিকা প্রসঙ্গে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ভবিষ্যতে ব্যর্থ কোনো প্রতিষ্ঠানে যুক্ত হবেন কি না তা নিশ্চিত নন, তবে গভর্নর হিসেবে তিনি পুরোপুরি ব্যর্থ হবেন না বলে আশাবাদী। তিনি বলেন, কিছু কাজের ফলাফল শিগগিরই দৃশ্যমান হবে।
অনুষ্ঠানে উপস্থিত সকলকে দেশের স্বার্থে কাজ করে যাওয়ার আহ্বান জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, মানুষের কল্যাণে কাজ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ভবিষ্যতেও সবাইকে সম্মিলিতভাবে বাংলাদেশের জন্য কাজ করতে হবে।