প্রতিহিংসা নয়, সংলাপেই মতপার্থক্য মেটানোর আহ্বান তারেক রহমানের
প্রতিহিংসা ও প্রতিশোধের পরিণতি কী হতে পারে, তা দেশের মানুষ ৫ আগস্ট প্রত্যক্ষ করেছে— এমন মন্তব্য করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মতপার্থক্য থাকলেও তা আলোচনার মাধ্যমে কমিয়ে আনতে হবে। মতপার্থক্য যেন কখনোই মতবিরোধে রূপ না নেয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, জনগণের ভোটে ভবিষ্যতে বিএনপি সরকার গঠন করলে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের কাছ থেকে গঠনমূলক সমালোচনা প্রত্যাশা করা হবে। তিনি বলেন, দেশের মানুষ স্বপ্ন দেখছে। সব প্রত্যাশা পূরণ করা সম্ভব না হলেও স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাই একসঙ্গে কাজ করলে দেশকে সঠিক পথে এগিয়ে নেওয়া সম্ভব।
দেশের গুরুত্বপূর্ণ সমস্যাগুলোর কথা তুলে ধরে বিএনপি চেয়ারম্যান বলেন, রাজধানীর পানির সংকট, তরুণদের কর্মসংস্থান, সড়ক দুর্ঘটনা হ্রাস এবং কৃষকদের সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নিতে হবে। তিনি আরও বলেন, অতীতে আইটি পার্কের নামে বড় বড় ভবন নির্মাণ করা হলেও বর্তমানে অনেক জায়গায় তা অনৈতিক কাজে বা কমিউনিটি সেন্টার হিসেবে ব্যবহৃত হচ্ছে। এসব স্থাপনা নিয়ে বিএনপির ভিন্নধর্মী পরিকল্পনা রয়েছে।
তারেক রহমান আশা প্রকাশ করে বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি থেকে দেশ গণতন্ত্রের পথে এগিয়ে যাবে। জাতীয় নির্বাচনকে সামনে রেখে আগামী ২২ জানুয়ারি থেকে বিএনপি তাদের বিভিন্ন পরিকল্পনা নিয়ে জনগণের কাছে যাবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদসহ দলের সিনিয়র নেতারা।
গণমাধ্যম ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন শফিক রেহমান, আবদুল হাই সিকদার, নুরুল কবির, মতিউর রহমান চৌধুরী, মাহমুদুর রহমান, আযম মীর শাহিদুল আহসান, জহিরুল আলমসহ সাংবাদিক ও গণমাধ্যমের বিশিষ্ট প্রতিনিধিরা।
উল্লেখ্য, দীর্ঘ দেড় যুগের নির্বাসন শেষে গত ২৫ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে সপরিবারে দেশে ফেরেন তারেক রহমান। এর পরদিন ৩০ ডিসেম্বর তার মা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মারা যান। এর ১০ দিনের মাথায় বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে তাকে দলের চেয়ারম্যান ঘোষণা করা হয়। চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই ছিল সাংবাদিকদের সঙ্গে তার প্রথম আনুষ্ঠানিক মতবিনিময়।