তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ বলার অভিযোগে বিসিবি পরিচালকের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ
বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ বলে মন্তব্য করার অভিযোগ উঠেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক পরিচালকের বিরুদ্ধে। ওই মন্তব্য ঘিরে দেশের ক্রিকেট অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানাচ্ছেন তামিমের ভক্ত-সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষ।
এ ঘটনার কড়া নিন্দা জানিয়েছেন সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় ব্যান্ড মাইলসের সদস্য হামিন আহমেদ। নিজের সামাজিকমাধ্যম পোস্টে তিনি প্রশ্ন তোলেন, ক্রিকেটে কোনো অবদান না থাকা একজন ব্যক্তি কীভাবে বিসিবির মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের পরিচালক হতে পারেন।
হামিন আহমেদ লেখেন, তামিম ইকবালের মতো দেশের অন্যতম সেরা ক্রিকেটারকে ‘দালাল’ বলা সম্পূর্ণ অগ্রহণযোগ্য ও ঔদ্ধত্যপূর্ণ আচরণ। তিনি একজন সাবেক জাতীয় ক্রিকেটার হিসেবে এই মন্তব্যের কঠোর প্রতিবাদ জানান।
পোস্টে তিনি আরও বলেন, অভিযুক্ত পরিচালককে অবিলম্বে বিসিবি থেকে অপসারণ করা উচিত, যাতে দেশের ক্রিকেটের সম্মান রক্ষা পায়। পাশাপাশি তামিম ইকবালসহ দেশের সব ক্রিকেটার ও ক্রিকেটপ্রেমীর কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান তিনি।
এই ঘটনার পর তামিম ইকবালের পাশে দাঁড়িয়ে সামাজিকমাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন জাতীয় দলের একাধিক বর্তমান ও সাবেক ক্রিকেটার। তাদের মধ্যে রয়েছেন পেসার তাসকিন আহমেদ, সাবেক ক্রিকেটার রুবেল হোসেন, অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন, মুমিনুল হক, তাইজুল ইসলামসহ আরও অনেকে।
ঘটনাটি নিয়ে বিসিবির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।