বৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০২৬
হোমরাজনীতিকোরবানির সঙ্গে তুলনা করে বক্তব্য দেওয়ার জন্য ক্ষমা চাইলেন রংপুর জামায়াতের আমির

কোরবানির সঙ্গে তুলনা করে বক্তব্য দেওয়ার জন্য ক্ষমা চাইলেন রংপুর জামায়াতের আমির

favicon
ভোরের আলো ডেস্ক:
কোরবানির সঙ্গে তুলনা করে বক্তব্য দেওয়ার জন্য ক্ষমা চাইলেন রংপুর জামায়াতের আমির

রংপুর মহানগর জামায়াতের আমির মাওলানা এ টি এম আজম খান সম্প্রতি একটি সভায় কোরবানির সঙ্গে তুলনা করে দেওয়া বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন। শনিবার সন্ধ্যায় সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি দুঃখ প্রকাশ করেছেন।


বিবৃতিতে মাওলানা আজম খান বলেন, “সম্প্রতি পীরগাছা উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত একটি মতবিনিময় সভায় বক্তব্য প্রদানকালে আমি দলের এক ঊর্ধ্বতন নেতার বক্তব্য উদ্ধৃত করার সময় একটি অনভিপ্রেত ও অসতর্ক শব্দচয়ন ব্যবহার করেছি, যেখানে কোরবানি সম্পর্কিত একটি তুলনা উপস্থাপিত হয়। বিষয়টি আমার ‘স্লিপ অব টাং’ থেকে হয়েছে এবং তা আমার উদ্দেশ্য ছিল না।”


তিনি আরও বলেন, “পবিত্র কুরআন ও হাদিসে বর্ণিত হজরত ইবরাহিম (আ.) ও তাঁর পুত্র হজরত ইসমাইল (আ.)-এর কুরবানির ঘটনা ইসলামের এক অতুলনীয় আদর্শ ও ত্যাগের দৃষ্টান্ত। এর সঙ্গে তুলনামূলক কোনো বক্তব্য দেওয়া আমার উদ্দেশ্য নয় এবং তা আমার বিশ্বাস ও আকিদার পরিপন্থী। ওই বক্তব্যের কারণে আমি সর্বপ্রথম আল্লাহর কাছে ক্ষমাপ্রার্থনা করছি এবং যদি কোনো ভাই-বোন বা শুভানুধ্যায়ী কষ্ট পেয়ে থাকেন, তাদের কাছেও আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।”


মাওলানা আজম খান ভবিষ্যতে বক্তব্য প্রদানের ক্ষেত্রে আরও সতর্ক থাকার অঙ্গীকার করেছেন এবং দোয়া করেছেন, “আল্লাহ আমাদের সবাইকে সত্য ও সঠিক পথে চলার তাওফিক দান করুন।”