শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
হোমরাজনীতিবিদ্রোহী প্রার্থীদের চাপে বিএনপি, গুলশানে ডেকে প্রার্থিতা প্রত্যাহারের উদ্যোগ

বিদ্রোহী প্রার্থীদের চাপে বিএনপি, গুলশানে ডেকে প্রার্থিতা প্রত্যাহারের উদ্যোগ

favicon
ভোরের আলো ডেস্ক:
বিদ্রোহী প্রার্থীদের চাপে বিএনপি, গুলশানে ডেকে প্রার্থিতা প্রত্যাহারের উদ্যোগ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরিক দলগুলোর সঙ্গে যেসব আসনে সমঝোতা হয়েছে, সেসব এলাকায় বিএনপির বিদ্রোহী প্রার্থীরা মাঠে থাকায় চাপে পড়েছে দলটি। এই পরিস্থিতি সামাল দিতে বিদ্রোহী হিসেবে নির্বাচন করা নেতাদের পর্যায়ক্রমে গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে ডাকা হচ্ছে। ইতিমধ্যে কয়েকজন স্বতন্ত্র প্রার্থী দলের চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের পর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।


দলীয় সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে গুলশান কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ একে একরামুজ্জামান। বৈঠকের পর এক ভিডিও বার্তায় তিনি প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন। তিনি বলেন, দীর্ঘ দুই দশকের বেশি সময় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থেকে দলীয় প্রধানের নির্দেশনা ও প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি সম্মান জানিয়ে তিনি ধানের শীষের পক্ষে নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন।


উল্লেখ্য, একরামুজ্জামান দলীয় সিদ্ধান্ত অমান্য করে দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নেওয়ায় বহিষ্কৃত হয়েছিলেন। এর আগে নবম ও একাদশ সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে পরাজিত হলেও দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হন।


এদিকে ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী মুর্শিদা খাতুন (মুর্শিদা জামান পপি) মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেছেন। তিনি জেলা বিএনপির উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং সাবেক সংসদ সদস্য শহিদুজ্জামান বেল্টুর স্ত্রী। বৃহস্পতিবার জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিতভাবে তিনি প্রার্থিতা প্রত্যাহার করেন।


ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনটি বিএনপি ছেড়ে দিয়েছে মিত্র দল গণসংহতি আন্দোলনের জন্য। তবে ওই আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এমএ খালেক স্বতন্ত্র প্রার্থী হওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়। পরে বুধবার সন্ধ্যায় তারেক রহমানের সঙ্গে তার সাক্ষাৎ হয়। এ বৈঠকের পর ওই আসনসহ বিভিন্ন জায়গায় বিদ্রোহী প্রার্থীদের সরে দাঁড়ানোর সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।


নারায়ণগঞ্জ-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদের বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন দলটির সাবেক সংসদ সদস্য আতাউর রহমান খান আঙ্গুর। দলীয় সূত্র জানায়, তাকেও শুক্রবার গুলশান কার্যালয়ে ডেকে তারেক রহমান কথা বলেছেন।


মাদারীপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী ও যুবদলের সাবেক নেতা আসাদুজ্জামান পলাশ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। এক ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, খালেদা জিয়ার ইন্তেকালে সৃষ্ট জাতীয় শোকের প্রতি সম্মান এবং তারেক রহমানের প্রতি রাজনৈতিক আনুগত্য থেকেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।


সুনামগঞ্জ-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান চৌধুরীও তার মনোনয়ন প্রত্যাহারের ঘোষণা দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি জানান, দলের স্বার্থে এবং বিএনপির চেয়ারম্যানের অনুরোধে কঠিন সিদ্ধান্ত নিয়ে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।


দলীয় নেতাদের ধারণা, আগামী দিনগুলোতে আরও কয়েকজন বিদ্রোহী প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করতে পারেন, যা আসন সমঝোতা বাস্তবায়নে বিএনপির অবস্থানকে আরও শক্ত করবে।