শুক্রবার , ২০ নভেম্বর ২০২৬
শুক্রবার , ২০ নভেম্বর ২০২৬
হোম › অর্থনীতি-ব্যবসা › এলপিজি আমদানিতে বড় ছাড়: শিল্প কাঁচামাল হিসেবে স্বীকৃতি, মিলবে ২৭০ দিন বাকিতে পরিশোধ সুবিধা

এলপিজি আমদানিতে বড় ছাড়: শিল্প কাঁচামাল হিসেবে স্বীকৃতি, মিলবে ২৭০ দিন বাকিতে পরিশোধ সুবিধা

favicon
ভোরের আলো ডেস্ক:
এলপিজি আমদানিতে বড় ছাড়: শিল্প কাঁচামাল হিসেবে স্বীকৃতি, মিলবে ২৭০ দিন বাকিতে পরিশোধ সুবিধা

দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সরবরাহ স্বাভাবিক রাখা এবং আমদানি প্রক্রিয়া সহজ করতে এলপিজিকে শিল্প কাঁচামাল হিসেবে স্বীকৃতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে এখন থেকে এলপিজি আমদানিকারকরা সর্বোচ্চ ২৭০ দিন পর্যন্ত বাকিতে মূল্য পরিশোধের সুবিধা পাবেন।


সোমবার (১২ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সব ব্যাংকে পাঠিয়েছে। সার্কুলারে বলা হয়, এলপিজি সাধারণত বাল্ক আকারে আমদানি করে দেশে সিলিন্ডারে ভরে বাজারজাত করা হয়, যা সংরক্ষণ ও বিতরণে তুলনামূলক বেশি সময় নেয়। এই বাস্তবতা বিবেচনায় আমদানিতে বাড়তি সময়ের ঋণ সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আমদানিকারকরা সরবরাহকারীর কাছ থেকে বাণিজ্যিক ঋণের পাশাপাশি বিদেশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ক্রেতা ঋণ নিতে পারবেন। এছাড়া নির্ধারিত ব্যাংকের অফশোর ব্যাংকিং ইউনিটের মাধ্যমে বিল ডিসকাউন্টিং সুবিধাও পাওয়া যাবে, তবে এ ক্ষেত্রে প্রচলিত বৈদেশিক মুদ্রা বিধিমালা অনুসরণ করতে হবে।


বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এই উদ্যোগের ফলে আমদানিকারকদের নগদ অর্থপ্রবাহের চাপ কমবে এবং এলপিজি আমদানিতে বৈদেশিক মুদ্রার তাৎক্ষণিক চাপও হ্রাস পাবে। সংশ্লিষ্টদের মতে, দীর্ঘমেয়াদি পরিশোধ সুবিধা থাকায় বাজারে এলপিজির সরবরাহ সংকটের আশঙ্কাও কমবে।