শহীদ শরিফ ওসমান হাদি হত্যা মামলা: অভিযোগপত্র পর্যালোচনায় বাদীপক্ষের দুই দিনের সময়
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার অভিযোগপত্র পর্যালোচনার জন্য দুই দিনের সময় নিয়েছে বাদীপক্ষ। সোমবার (১২ জানুয়ারি) মামলার বাদী ও ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের আদালতে হাজির হয়ে এ সময় চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম আবেদন মঞ্জুর করেন এবং পরবর্তী শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন।
ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপপুলিশ কমিশনার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান এ তথ্য নিশ্চিত করেন।
মামলার নথি অনুযায়ী, গত ১২ ডিসেম্বর মতিঝিলে জুমার নামাজ শেষে নির্বাচনী প্রচারণা শেষ করে সোহরাওয়ার্দী উদ্যানের পথে যাওয়ার সময় পল্টনের বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলযোগে আসা দুর্বৃত্তরা হাদিকে বহনকারী অটোরিকশায় গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হলে ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এরপর মামলাটি হত্যা মামলায় রূপ নেয়।
তদন্ত শেষে ৬ জানুয়ারি গোয়েন্দা পুলিশ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। অভিযোগপত্রে বলা হয়, আসামিদের রাজনৈতিক পরিচয় ও হাদির রাজনৈতিক বক্তব্য বিশ্লেষণে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে যে, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। একই সঙ্গে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করা এবং ভোটারদের মধ্যে ভয়ভীতি সৃষ্টির উদ্দেশ্যও এতে জড়িত ছিল বলে উল্লেখ করা হয়।
অভিযোগপত্রভুক্ত আসামিদের মধ্যে কয়েকজন এখনও পলাতক রয়েছেন।