টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে শঙ্কা, বিসিবিকে আইসিসির চিঠি
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা আরও ঘনীভূত হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিরাপত্তা বিভাগের পাঠানো এক চিঠিতে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা উল্লেখ করা হয়েছে, যা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, মুস্তাফিজুর রহমান স্কোয়াডে থাকলে নিরাপত্তা ঝুঁকি আরও বাড়তে পারে। বিষয়টি নিশ্চিত করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল, যিনি আজ বাফুফে ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেন।
আসিফ নজরুল জানান, আইসিসির চিঠিতে নিরাপত্তা ঝুঁকির তিনটি কারণ উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে— নির্দিষ্ট একজন খেলোয়াড়কে ঘিরে নিরাপত্তা উদ্বেগ, বাংলাদেশ দলের সমর্থকদের জাতীয় দলের জার্সি পরে চলাফেরা এবং নির্বাচন যত এগিয়ে আসবে, তত নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা।
তিনি বলেন, “দল নির্বাচন একটি টেকনিক্যাল বিষয়। কিন্তু নিরাপত্তার অজুহাতে যখন কোনো নির্দিষ্ট খেলোয়াড়কে কেন্দ্র করে প্রশ্ন ওঠে, তখন সেটি উদ্বেগজনক।”
আইসিসির এই চিঠির পর স্বাভাবিকভাবেই বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে নতুন করে ধোঁয়াশা তৈরি হয়েছে।