স্বেচ্ছাসেবক দল নেতা মুছাব্বির হত্যা: তিন আসামির ৭ দিনের রিমান্ড, শ্যুটারের স্বীকারোক্তি
স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব আজিজুর রহমান ওরফে মুছাব্বির হত্যা মামলায় গ্রেপ্তার তিন আসামির সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১২ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম শুনানি শেষে এই আদেশ দেন।
রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলেন— মো. বিল্লাল, আব্দুল কাদির ও মো. রিয়াজ। একই মামলার অপর আসামি ও কথিত শ্যুটার মো. জিন্নাত আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন।
মামলার নথি থেকে জানা যায়, গত ৭ জানুয়ারি রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর পশ্চিম তেজতুরীপাড়ার হোটেল সুপার স্টারের পাশের একটি গলিতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মুছাব্বিরকে হত্যার উদ্দেশ্যে গুলি চালায়। এতে মুছাব্বিরসহ আরও একজন গুলিবিদ্ধ হন।
ঘটনার পর আহতদের দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মুছাব্বিরকে মৃত ঘোষণা করেন। অপর আহত সুফিয়ান বেপারী মাসুদকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় পরদিন ৮ জানুয়ারি নিহতের স্ত্রী সুরাইয়া বেগম বাদী হয়ে তেজগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা ৪ থেকে ৫ জনকে আসামি করা হয়।