শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
হোমখেলাক্রিকেটারদের বেতন–ভাতা নিয়ে মন্তব্য: বিসিবি পরিচালকের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ, পদত্যাগ দাবিতে অনড় ক্রিকেটাররা

ক্রিকেটারদের বেতন–ভাতা নিয়ে মন্তব্য: বিসিবি পরিচালকের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ, পদত্যাগ দাবিতে অনড় ক্রিকেটাররা

favicon
ভোরের আলো ডেস্ক:
ক্রিকেটারদের বেতন–ভাতা নিয়ে মন্তব্য: বিসিবি পরিচালকের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ, পদত্যাগ দাবিতে অনড় ক্রিকেটাররা

বাংলাদেশের ক্রিকেটারদের বেতন–ভাতা ও ক্ষতিপূরণ নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে জারি করা এক বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, নাজমুলকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছে।


তবে বিসিবির এই পদক্ষেপে সন্তুষ্ট নন ক্রিকেটাররা। তারা নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে অনড় অবস্থানে রয়েছেন। ক্রিকেটারদের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, বৃহস্পতিবার দুপুর ১টার মধ্যে তিনি পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট কার্যক্রম বয়কট করা হবে। সেই সময়সীমাও শেষের দিকে।


ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সভাপতি মোহাম্মদ মিঠুন আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন, দাবি মানা না হলে খেলোয়াড়রা মাঠে নামবেন না। এর ফলে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) অনিশ্চয়তার মুখে পড়েছে। আজ বিপিএলের প্রথম ম্যাচ শুরু হওয়ার কথা ছিল দুপুর ১টায়।


একই সময়ে ঢাকার একটি হোটেলে সংবাদ সম্মেলন ডেকেছে কোয়াব। জানা গেছে, আজকের দুপুরের ম্যাচে অংশ নেওয়ার কথা থাকা চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেসের দেশি ক্রিকেটাররা মাঠে না গিয়ে হোটেলে যাচ্ছেন। অন্যদিকে দুই দলের বিদেশি ক্রিকেটাররা নিজ নিজ হোটেলেই অবস্থান করছেন।


এর আগে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আক্রমণাত্মক মন্তব্য করে সমালোচনায় পড়েন বিসিবি পরিচালক নাজমুল ইসলাম। পরে বিশ্বকাপে অংশ না নিলে ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেওয়া হবে কি না—এমন প্রশ্নের জবাবে দেওয়া তার মন্তব্য নতুন করে বিতর্ক উসকে দেয়।


ক্ষতিপূরণ প্রসঙ্গে তিনি বলেন, ক্রিকেটাররা যদি গিয়ে কিছুই না করতে পারে, তাহলে তাদের পেছনে বোর্ড যে বিপুল অর্থ ব্যয় করছে, সেই টাকা কি বোর্ড ফেরত চাইছে—এ প্রশ্নও তোলেন তিনি। তার এই বক্তব্যই ক্রিকেটারদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দেয় এবং শেষ পর্যন্ত বয়কটের হুমকি আসে।


সব মিলিয়ে বিসিবি পরিচালকের মন্তব্য ও এর পরিণতিতে দেশের ক্রিকেট এখন বড় ধরনের অচলাবস্থার মুখে পড়েছে।