বৈশ্বিক নিষেধাজ্ঞা ও ভূ-অর্থনৈতিক টানাপোড়েনে চাপে বাংলাদেশের অর্থনীতি: ডব্লিউইএফে বড় পাঁচ ঝুঁকির সতর্কবার্তা
বৈশ্বিক নিষেধাজ্ঞা, শুল্ক আর বিনিয়োগে কড়াকড়ির প্রভাবে গভীর চ্যালেঞ্জের মুখে পড়েছে দেশের অর্থনীতি। এর পাশাপাশি উচ্চ মূল্যস্ফীতি, অর্থনৈতিক প্রবৃদ্ধির ধীরগতি এবং বাড়তে থাকা ঋণের চাপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। অর্থনীতিবিদদের মতে, সময়মতো ঝুঁকি চিহ্নিত করে কার্যকর পদক্ষেপ না নিলে সংকট আরও ঘনীভূত হতে পারে।
সম্প্রতি প্রকাশিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বৈশ্বিক ঝুঁকি মূল্যায়নে চলতি বছরে বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে বড় দুটি ঝুঁকি হিসেবে উঠে এসেছে অপরাধ ও অবৈধ অর্থনৈতিক কর্মকাণ্ড এবং ভূ-অর্থনৈতিক বিরোধ। এসব ঝুঁকির প্রভাব কেবল কূটনৈতিক পর্যায়ে সীমাবদ্ধ নয়; এর সরাসরি প্রভাব পড়ছে রপ্তানি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, কর্মসংস্থান ও বিনিয়োগ প্রবাহে।
বিশেষজ্ঞরা বলছেন, শক্তিশালী দেশগুলো নিজেদের স্বার্থ রক্ষায় বাণিজ্য ও বিনিয়োগে নতুন নতুন বাধা সৃষ্টি করছে, যা উদীয়মান অর্থনীতির জন্য আন্তর্জাতিক বাজারে প্রবেশ আরও কঠিন করে তুলছে। রপ্তানিনির্ভর অর্থনীতির দেশ হিসেবে বাংলাদেশ এই পরিবর্তনের ফলে বাড়তি ঝুঁকির মুখে পড়েছে।
সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেন, বৈশ্বিক রাজনীতি ও অর্থনীতির টানাপোড়েন এখন বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনীতিকে সরাসরি প্রভাবিত করছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের অস্থিরতা, যুক্তরাষ্ট্র-চীনের কৌশলগত প্রতিযোগিতা, বাণিজ্য নিষেধাজ্ঞা এবং সাপ্লাই চেইনের পুনর্গঠন—এই সবকিছু মিলিয়ে আমদানি-রপ্তানি, জ্বালানি নিরাপত্তা, মূল্যস্ফীতি, রেমিট্যান্স ও বিনিয়োগে অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে।
তিনি আরও বলেন, বিশ্ব অর্থনীতি ক্রমেই বিভক্ত হয়ে পড়ছে, যার নেতিবাচক প্রভাব সবচেয়ে বেশি পড়ছে উন্নয়নশীল দেশগুলোর ওপর। শুধু অভ্যন্তরীণ সংস্কার যথেষ্ট নয়; বৈশ্বিক ভূ-অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে কৌশল নির্ধারণ করাও জরুরি। সুশাসন জোরদার, অপরাধ দমন, প্রয়োজনীয় অর্থনৈতিক সংস্কার এবং ভারসাম্যপূর্ণ বৈদেশিক সম্পর্ক বজায় না রাখলে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলা কঠিন হবে।
ডব্লিউইএফের প্রতিবেদনে তৃতীয় বড় ঝুঁকি হিসেবে উল্লেখ করা হয়েছে মূল্যস্ফীতি। দীর্ঘদিনের উচ্চ মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে এবং শিল্প ও ব্যবসা খাতে উৎপাদন খরচ বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিক সময়ে কিছুটা স্বস্তি মিললেও পুরোপুরি স্থিতিশীলতা এখনও আসেনি।
চতুর্থ ঝুঁকি হিসেবে চিহ্নিত হয়েছে অর্থনৈতিক ধীরগতি। বৈশ্বিক মন্দার আশঙ্কা, বিনিয়োগে স্থবিরতা এবং বৈদেশিক ঋণ পরিশোধের চাপ মিলিয়ে প্রবৃদ্ধি কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। পঞ্চম এবং আরেকটি বড় ঝুঁকি হলো ঋণের বোঝা। সরকারি, করপোরেট ও পারিবারিক—সব স্তরেই ঋণ বাড়ছে, ফলে বাজেটে সুদ পরিশোধে বড় অঙ্কের অর্থ ব্যয় হচ্ছে এবং উন্নয়ন খাতে বরাদ্দের সুযোগ সংকুচিত হচ্ছে।
অর্থনীতিবিদদের আশঙ্কা, এই ধারা অব্যাহত থাকলে বাংলাদেশ ‘মধ্যম আয়ের ফাঁদে’ আটকে পড়তে পারে। কারণ এসব ঝুঁকি একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। অপরাধ ও অবৈধ অর্থনীতি বিনিয়োগে বাধা সৃষ্টি করছে, ভূ-অর্থনৈতিক বিরোধ বাজার সংকুচিত করছে, আর মূল্যস্ফীতি ও ঋণের চাপ সাধারণ মানুষের জীবনকে আরও কঠিন করে তুলছে।