টি–টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ বদল নয়: শ্রীলঙ্কাতেই খেলবে আয়ারল্যান্ড, জানাল ক্রিকেট আয়ারল্যান্ড
২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যে গ্রুপ অদলবদলের প্রস্তাব ঘিরে আলোচনা চললেও, ক্রিকেট আয়ারল্যান্ড স্পষ্ট জানিয়েছে— আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তাদের নির্ধারিত সূচি পরিবর্তন করছে না। ফলে আয়ারল্যান্ডের গ্রুপ পর্বের ম্যাচ শ্রীলঙ্কা থেকেই সরানো হবে না এবং তারা ভারতে গিয়ে ম্যাচ খেলতে চায় না।
ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে ক্রিকেট আয়ারল্যান্ডের এক কর্মকর্তা জানান, আইসিসি থেকে তারা নিশ্চিত আশ্বাস পেয়েছেন যে মূল সূচি অপরিবর্তিত থাকবে। তার ভাষায়, “আমরা নিশ্চিতভাবেই গ্রুপ পর্বের ম্যাচগুলো শ্রীলঙ্কাতেই খেলব।”
বিশ্বকাপে আয়ারল্যান্ড রয়েছে গ্রুপ ‘বি’-তে। এই গ্রুপে তাদের সঙ্গে রয়েছে সহ-আয়োজক শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও ওমান। গ্রুপটির সব ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ক্যান্ডি ও কলম্বোতে।
অন্যদিকে বাংলাদেশ পড়েছে গ্রুপ ‘সি’-তে, যেখানে প্রতিপক্ষ হিসেবে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নেপাল ও ইতালি। সূচি অনুযায়ী গ্রুপ পর্বে বাংলাদেশের ম্যাচগুলো কলকাতা ও মুম্বাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা। তবে নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ভারত সফরে যেতে অনিচ্ছা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এ প্রেক্ষাপটে শনিবার ঢাকায় আইসিসির সঙ্গে বৈঠকে বিসিবি সম্ভাব্য সমাধান হিসেবে আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ অদলবদলের প্রস্তাব তোলে। বিসিবির মতে, এতে তুলনামূলকভাবে কম লজিস্টিক পরিবর্তনের প্রয়োজন হতো।
বিসিবি এক বিবৃতিতে জানায়, “ন্যূনতম লজিস্টিক সমন্বয়ের মাধ্যমে বিষয়টি সমাধানের লক্ষ্যে বাংলাদেশকে অন্য একটি গ্রুপে স্থানান্তরের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।” পাশাপাশি খেলোয়াড়, সমর্থক, গণমাধ্যমকর্মী ও কর্মকর্তাদের নিরাপত্তার কথা বিবেচনা করে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের অনুরোধ পুনর্ব্যক্ত করা হয়।
বিসিবি ও আইসিসি উভয় পক্ষই এ বিষয়ে আলোচনা অব্যাহত রাখার বিষয়ে সম্মত হয়েছে। বৈঠকে আইসিসির পক্ষে উপস্থিত ছিলেন ইন্টেগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যান্ড্রু এফগ্রেভ এবং ভার্চুয়ালি যুক্ত ছিলেন ইভেন্টস ও কর্পোরেট কমিউনিকেশনের জেনারেল ম্যানেজার গৌরব সাক্সেনা।
বিসিবির পক্ষে বৈঠকে অংশ নেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সহ-সভাপতি শাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম, নিরাপত্তা প্রধান (অব.) ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী।
উল্লেখ্য, চলতি মাসের শুরুতে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স থেকে পেসার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার পর উদ্ভূত নিরাপত্তা উদ্বেগের প্রেক্ষিতে গত ৪ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ভারত থেকে ম্যাচ সরানোর অনুরোধ জানায় বাংলাদেশ।