শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
হোমখেলাবিশ্বকাপ অনিশ্চয়তায় বাংলাদেশের প্রস্তুতি, খেলাই না হওয়া নিয়ে শঙ্কা

বিশ্বকাপ অনিশ্চয়তায় বাংলাদেশের প্রস্তুতি, খেলাই না হওয়া নিয়ে শঙ্কা

favicon
ভোরের আলো ডেস্ক:
বিশ্বকাপ অনিশ্চয়তায় বাংলাদেশের প্রস্তুতি, খেলাই না হওয়া নিয়ে শঙ্কা

দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আসন্ন বিশ্ব আসরকে সামনে রেখে পরিকল্পিতভাবেই আয়োজন করা হয়েছিল এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আন্তর্জাতিক সূচি না থাকায় জাতীয় দলের ক্রিকেটাররা যেন বিপিএল খেলেই বিশ্বকাপের প্রস্তুতি সম্পন্ন করতে পারেন—এটাই ছিল মূল উদ্দেশ্য।

তবে টুর্নামেন্টের ফাইনালের দ্বারপ্রান্তে এসে সেই প্রস্তুতির কার্যকারিতা এখন প্রশ্নের মুখে। নিরাপত্তাজনিত কারণে ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্তে এখনো অনড় বাংলাদেশ। বৃহস্পতিবার ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে ক্রিকেটারদের বৈঠকের পরও সেই অবস্থান পুনর্ব্যক্ত করা হয়।

বিশ্বকাপকে কেন্দ্র করে বিপিএল শুরুর আগে ছিল বিস্তারিত পরিকল্পনা। ফাইনালের দুই দিন পরই ভারতের উদ্দেশে দেশ ছাড়ার কথা ছিল বাংলাদেশ দলের। মূল টুর্নামেন্টের আগে দুটি প্রস্তুতি ম্যাচও নির্ধারিত ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এবারের বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এই অনিশ্চয়তার প্রতিফলন দেখা গেছে বিপিএলের আনুষ্ঠানিক আয়োজনেও। ফাইনালের আগে দুই দলের অধিনায়কদের নিয়ে ট্রফি উন্মোচন করা হয়নি। প্রায় এক মাস ধরে চলা টুর্নামেন্টের ট্রফি দর্শকদের সামনে আনা হচ্ছে ফাইনালের দিনই। আজ সন্ধ্যা ৬টায় ম্যাচ শুরুর দেড় ঘণ্টা আগে ট্রফি উন্মোচনের কথা রয়েছে।

চট্টগ্রাম রয়ালসের অধিনায়ক ও বিশ্বকাপ স্কোয়াডের সদস্য শেখ মেহেদী হাসান বলেন, “সবাই ফাইনাল নিয়েই প্রস্তুতি নিয়েছে। বিশ্বকাপ আমাদের হাতে নেই, এটা ম্যানেজমেন্টের সিদ্ধান্ত।”

মাঠের পারফরম্যান্সে দেখা গেছে মিশ্র চিত্র। শুরুতে ব্যাটিংয়ে ভুগলেও শেষ দিকে ছন্দে ফেরেন তাওহিদ হৃদয় ও তানজিদ হাসান তামিম। তাওহিদ হৃদয় টুর্নামেন্টে এখন পর্যন্ত ৩৮২ রান নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। সর্বোচ্চ ৩৯৫ রান করে তালিকার শীর্ষে আছেন পারভেজ হোসেন ইমন। তবে সাইফ হাসান ও লিটন দাস পুরো টুর্নামেন্টজুড়েই ব্যাট হাতে প্রত্যাশা পূরণ করতে পারেননি।

বোলিং বিভাগ তুলনামূলকভাবে ভালো প্রস্তুতির পরিচয় দিয়েছে। শরিফুল ইসলাম ২৪ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি। নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, শেখ মেহেদী হাসান ও তানজিম হাসান সাকিবের পারফরম্যান্সও ছিল ইতিবাচক।

তবে সেই প্রস্তুতি কাজে লাগানোর আসল মঞ্চ—টি-টোয়েন্টি বিশ্বকাপ—এখনো অনিশ্চয়তার বেড়াজালে বন্দি।