বৃহস্পতিবার , ২০ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ২০ আগস্ট ২০২৬
হোমরাজনীতিনির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে, জনগণকে সতর্ক থাকার আহ্বান তারেক রহমানের

নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে, জনগণকে সতর্ক থাকার আহ্বান তারেক রহমানের

favicon
ভোরের আলো ডেস্ক:
নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে, জনগণকে সতর্ক থাকার আহ্বান তারেক রহমানের

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কিছু মহল আসন্ন নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য ষড়যন্ত্র করছে। এসব অপচেষ্টার বিরুদ্ধে জনগণকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।


শনিবার বিকেলে ঢাকা–টাঙ্গাইল–উত্তরবঙ্গ মহাসড়কের ঘারিন্দা বাইপাস এলাকায় জেলা বিএনপির নির্বাচনি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা বিএনপি সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে এবং সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদুল হক সাবুর সঞ্চালনায় আয়োজিত সভায় দলের কেন্দ্রীয় নেতাসহ টাঙ্গাইলের আটটি আসনের বিএনপি প্রার্থীরা বক্তব্য দেন।


তারেক রহমান বলেন, এখনো কিছু লোক নানা কৌশলে ভোটের পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে। এমনকি তারা মা-বোনদের কাছে গিয়ে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহের চেষ্টা করছে। তিনি বলেন, যারা এ ধরনের অনৈতিক কাজ করে, সুযোগ পেলে তারা দেশ বিক্রি করতেও পিছপা হবে না—এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।


তিনি আরও বলেন, আগামী দিনগুলো দেশ গড়ার ও মানুষের ভাগ্য পরিবর্তনের সময়। সবাই ঐক্যবদ্ধ ও সচেতন থাকলে কেউ জনগণের ভোটাধিকার কেড়ে নিতে পারবে না।


সমাবেশে টাঙ্গাইলের বিএনপি প্রার্থী স্বপন ফকির, আবদুস সালাম পিন্টু, ওবায়দুল হক নাসির, লুৎফুর রহমান মতিন, সুলতান সালাউদ্দিন টুকু, রবিউল আলম লাবলু, আবুল কালাম আজাদ সিদ্দিকী ও আহমেদ আজম খানকে পরিচয় করিয়ে দিয়ে তাদের বিজয়ী করার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান।


ভোটের দিন সকাল থেকে কেন্দ্রে উপস্থিত থাকা ও কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আগের দিন থেকেই প্রস্তুতি নিতে হবে, যাতে কেউ অন্যের ভোট দিতে না পারে। পাশাপাশি নিশ্চিত করতে হবে, সঠিক ভোটারই ভোট দিচ্ছেন।


টাঙ্গাইলবাসীর বিভিন্ন দাবিদাওয়ার প্রসঙ্গে তারেক রহমান বলেন, ১২ তারিখে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপি প্রার্থীদের নির্বাচিত করলে পরদিন থেকেই পর্যায়ক্রমে উন্নয়নমূলক কাজ শুরু করা হবে।