বৃহস্পতিবার , ২০ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ২০ আগস্ট ২০২৬
হোমরাজনীতিশবেবরাতে মুসলিম বিশ্বের কল্যাণ ও ঐক্য কামনায় তারেক রহমানের বাণী

শবেবরাতে মুসলিম বিশ্বের কল্যাণ ও ঐক্য কামনায় তারেক রহমানের বাণী

favicon
ভোরের আলো ডেস্ক:
শবেবরাতে মুসলিম বিশ্বের কল্যাণ ও ঐক্য কামনায় তারেক রহমানের বাণী

পবিত্র শবেবরাত উপলক্ষে বাণী দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বাণীতে তিনি বাংলাদেশসহ সমগ্র মুসলিম বিশ্বের উত্তরোত্তর সমৃদ্ধি, কল্যাণ, ঐক্য, সংহতি ও নিরাপত্তা কামনা করেছেন।


সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও দলের মহাসচিবের পৃথক বাণী গণমাধ্যমে পাঠানো হয়।


তারেক রহমান তার বাণীতে বলেন, “শাবান মাসের একটি মহিমান্বিত রাতের নাম শবেবরাত। এ উপলক্ষে আমি বাংলাদেশসহ মুসলিম বিশ্বের সব মুসলমানের অব্যাহত সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করি।”


তিনি বলেন, “বরাত অর্থ নাজাত বা মুক্তি। শবেবরাতের রাতের গুরুত্ব অপরিসীম। এই রাতে পরম করুণাময় আল্লাহ তাঁর বান্দাদের জন্য রহমত ও দয়ার ভাণ্ডার খুলে দেন। এ রাতের ফজিলত ও মর্যাদা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং এটি পবিত্র রমজান মাসের আগমনী বার্তা বহন করে।”


বিএনপি চেয়ারম্যান আরও বলেন, “এই পবিত্র রাতে ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহর সান্নিধ্য লাভের আশায় নিজেদের ভুল-ভ্রান্তি ও ত্রুটি-বিচ্যুতির জন্য ক্ষমা প্রার্থনা করেন। এমন নেক আমল করা উচিত, যার মাধ্যমে আল্লাহর রহমত ও মাগফিরাত লাভ করা যায়।”


তিনি উল্লেখ করেন, “শবেবরাতের আরেকটি গুরুত্বপূর্ণ তাৎপর্য হলো নাজাত পাওয়া। বিশ্বাসী মুসলমানরা সব অনাচার, অপকর্ম ও অপবিত্রতা থেকে মুক্তি পেতে মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন এবং আল্লাহ তায়ালা অনুগ্রহপ্রার্থীদের প্রতি দয়া প্রদর্শন করেন।”


বাণীর শেষাংশে তারেক রহমান বলেন, “আমরা সবাই যেন সহিংসতা, রক্তপাত, হিংসা ও বিদ্বেষ পরিহার করে মানবজাতির বৃহত্তর কল্যাণে সহিষ্ণুতা, সংযম ও সৌহার্দ্য অর্জনে নিজেদের নিবেদিত রাখি। বিশ্বশান্তি এবং বিশ্ব মুসলিমের ঐক্য, সংহতি ও নিরাপত্তা নিশ্চিত করতে মহান আল্লাহর নিকট একান্ত মোনাজাত করি।”