বৃহস্পতিবার , ২০ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ২০ আগস্ট ২০২৬
হোমআইন ও আদালতদ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে বিএনপি প্রার্থী এম এ কাইয়ুমের বিরুদ্ধে রিট, আজ শুনানির সম্ভাবনা

দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে বিএনপি প্রার্থী এম এ কাইয়ুমের বিরুদ্ধে রিট, আজ শুনানির সম্ভাবনা

favicon
ভোরের আলো ডেস্ক:
দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে বিএনপি প্রার্থী এম এ কাইয়ুমের বিরুদ্ধে রিট, আজ শুনানির সম্ভাবনা

দ্বৈত নাগরিকত্ব থাকা এবং হলফনামায় তথ্য গোপনের অভিযোগে ঢাকা-১১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এম এ কাইয়ুমের বিরুদ্ধে করা রিটের শুনানি আজ মঙ্গলবার হতে পারে। এনসিপি মনোনীত প্রার্থী মো. নাহিদ ইসলাম এ রিট আবেদন করেছেন।

বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চে ৮২ নম্বর ক্রমিকে আবেদনটি তালিকাভুক্ত রয়েছে। রিটে এম এ কাইয়ুমের প্রার্থিতা স্থগিতের আবেদন জানানো হয়েছে।

সোমবার বিষয়টি নিশ্চিত করে আইনজীবী জহিরুল ইসলাম মূসা বলেন, এম এ কাইয়ুম ভানুয়াতু নামের একটি দেশের নাগরিক এবং তিনি হলফনামায় এই তথ্য গোপন করেছেন, যা পরে প্রকাশ পায়। এ কারণেই নাহিদ ইসলাম রিট আবেদন করেছেন। সংবিধান অনুযায়ী দ্বৈত নাগরিকরা সংসদ সদস্য নির্বাচনে অযোগ্য।

তিনি আরও জানান, দ্বৈত নাগরিকত্ব এবং হলফনামায় তথ্য গোপনের বিষয় দুটি সামনে রেখেই রিট করা হয়েছে। শিগগিরই উপযুক্ত বেঞ্চে শুনানির জন্য এটি উপস্থাপন করা হবে এবং আশা করা হচ্ছে মঙ্গলবারই শুনানি হতে পারে।

ঢাকা-১১ আসনটি গুলশান এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২১, ২২, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ড এবং সবুজবাগ এলাকার ২৩ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত। এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩৯ হাজার ৭৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২২ হাজার ৮৭৭ জন, নারী ভোটার ২ লাখ ১৬ হাজার ১৯৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন।

উল্লেখ্য, প্রাথমিক যাচাই-বাছাই শেষে গত ৩ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তা এম এ কাইয়ুমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। তিনি বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন।