তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে ২৪ ঘণ্টার আলটিমেটাম পিরোজপুর জেলা বিএনপির
পিরোজপুরের জিয়ানগরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন পিরোজপুর জেলা বিএনপির সদস্যসচিব সাইদুল ইসলাম কিসমত।
সোমবার সন্ধ্যা (২ ফেব্রুয়ারি) জিয়ানগর উপজেলার পাড়েরহাট ইউনিয়নের চর আবাসন এলাকায় ধানের শীষ প্রতীকের নির্বাচনী উঠান বৈঠকে তিনি এই আলটিমেটাম ঘোষণা করেন।
জানা গেছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জিয়ানগর উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি আব্দুল হাই একটি সভায় তারেক রহমানকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য দেন। ওই বক্তব্যের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বিএনপি নেতাকর্মীসহ স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
এ ঘটনার প্রেক্ষিতে জেলা বিএনপির সদস্যসচিব সাইদুল ইসলাম কিসমত বক্তব্যকারীকে প্রকাশ্যে তার মন্তব্য প্রত্যাহারের জন্য ২৪ ঘণ্টার সময় বেঁধে দেন। পাশাপাশি পিরোজপুর-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাসুদ সাঈদীর কাছে সংশ্লিষ্ট ব্যক্তির বিচারের জোর দাবি জানান।
উঠান বৈঠকে সাইদুল ইসলাম কিসমত বলেন, একজন উপজেলা পর্যায়ের জামায়াত নেতা কীভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে নিয়ে এমন রুচিহীন ও কটূক্তিমূলক মন্তব্য করার সাহস পান, তা বোধগম্য নয়।
বক্তারা আরও বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ওই জামায়াত নেতাকে জাতির সামনে ও জিয়ানগরবাসীর কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।
উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন জিয়ানগর উপজেলা বিএনপির সভাপতি মো. ফরিদ আহমেদ, সাধারণ সম্পাদক আ. রাজ্জাক হাওলাদার, জেলা কৃষকদলের সভাপতি বাচ্চু, যুবদল নেতা রিয়াজ সরদার, উপজেলা যুবদলের সভাপতি আতিকুর রহমান, শ্রমিক দলের সভাপতি আবুল কালামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।