বৃহস্পতিবার , ২০ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ২০ আগস্ট ২০২৬
হোমআইন ও আদালতচট্টগ্রাম-৪ আসনে বিএনপি প্রার্থী আসলাম চৌধুরী নির্বাচনে অংশ নিতে পারবেন, ফল প্রকাশ স্থগিত

চট্টগ্রাম-৪ আসনে বিএনপি প্রার্থী আসলাম চৌধুরী নির্বাচনে অংশ নিতে পারবেন, ফল প্রকাশ স্থগিত

favicon
ভোরের আলো ডেস্ক:
চট্টগ্রাম-৪ আসনে বিএনপি প্রার্থী আসলাম চৌধুরী নির্বাচনে অংশ নিতে পারবেন, ফল প্রকাশ স্থগিত

চট্টগ্রাম-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আসলাম চৌধুরী নির্বাচনে অংশ নিতে পারবেন বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। তবে চলমান আপিল মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই আসনের ফলাফলের চূড়ান্ত ঘোষণা স্থগিত থাকবে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

আইনজীবী মো. মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, গত ১ ফেব্রুয়ারি আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণার বিরুদ্ধে একটি ব্যাংকের করা আপিল আবেদনের ওপর দীর্ঘ শুনানি শেষ হয়। ঋণখেলাপির অভিযোগ থাকা সত্ত্বেও নির্বাচন কমিশন (ইসি) তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিল। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে ব্যাংক কর্তৃপক্ষ রিট করলে হাইকোর্ট তা খারিজ করেন। পরে ব্যাংক পক্ষ আপিল বিভাগে আবেদন করে।

নির্বাচন কমিশনে আপিল শুনানির শেষ দিন গত ১৮ জানুয়ারি আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। সেদিন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ মন্তব্য করেন, ‘মনোনয়নপত্র বৈধ করলাম। ব্যাংকের টাকা পরিশোধ করে দেবেন। টাকা না দিলে জনরোষ তৈরি হতে পারে।’

শুনানিতে আসলাম চৌধুরীর পক্ষে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির সদস্য ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল অংশ নেন। অন্যদিকে, এই আসনে জামায়াত মনোনীত প্রার্থী মো. আনোয়ার ছিদ্দিকের আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার কবির দাবি করেন, আসলাম চৌধুরী একজন দণ্ডিত ব্যক্তি এবং তার প্রার্থিতা বহাল রাখা ন্যায়বিচারের পরিপন্থী।

উল্লেখ্য, চট্টগ্রাম-৪ আসনে প্রথমে বিএনপি প্রার্থী হিসেবে কাজি মোহাম্মদ সালাউদ্দিনের নাম ঘোষণা করলেও পরে তার পরিবর্তে আসলাম চৌধুরীকে চূড়ান্ত মনোনয়ন দেয় দলটি।