স্বাধীনতার ঘোষক বিতর্কে জামায়াতকে আক্রমণ বিএনপির রিজভীর
জামায়াতে ইসলামীর আমিরকে কটাক্ষ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, কয়দিন পর হয়তো তারা বলবেন—গোলাম আজমই ছিলেন স্বাধীনতার ঘোষক। কারণ মিথ্যা বলতে জামায়াত কখনোই পিছপা হয় না।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর নয়া পল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় পবিত্র শবে বরাত উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, পাকিস্তানি বাহিনী যখন ১৯৭১ সালে মা-বোনদের ওপর নির্যাতন চালিয়েছে, তখন জামায়াত সেই অত্যাচারকে স্বীকার করেনি; বরং তাদের সমর্থন ও পৃষ্ঠপোষকতা দিয়েছে। তিনি প্রশ্ন তুলে বলেন, সেই ইতিহাস অস্বীকার করে আজ কোন মুখে স্বাধীনতার ঘোষণা নিয়ে কথা বলা হচ্ছে?
তিনি আরও বলেন, জামায়াতের আমির নারীদের সম্পর্কে সম্প্রতি যে কুরুচিপূর্ণ ও অবমাননাকর মন্তব্য করেছেন, তাতে দেশের নারী সমাজ ক্ষুব্ধ হয়েছে। সেই ক্ষোভ আড়াল করতেই এখন স্বাধীনতার ঘোষক নিয়ে বিতর্ক তৈরি করা হচ্ছে। তবে প্রতিষ্ঠিত সত্যকে বিতর্কিত করে সত্য ঢেকে রাখা যাবে না।
১৯৮৬ সালের নির্বাচন প্রসঙ্গ টেনে রিজভী বলেন, এরশাদের অধীনে নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিয়েও ২৪ ঘণ্টার মধ্যে আওয়ামী লীগ ও জামায়াত উভয়ই নির্বাচনে অংশ নেয়। জনগণের সঙ্গে করা ওয়াদা তারা রক্ষা করেনি। অন্যদিকে বেগম খালেদা জিয়া সেই নির্বাচনে যাননি এবং দীর্ঘ নয় বছর সংগ্রাম ও নির্যাতনের মধ্যেও নিজের অবস্থান থেকে সরে আসেননি।
স্বাধীনতার ঘোষক প্রসঙ্গে রিজভী বলেন, প্রকৃত স্বাধীনতার ঘোষক ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি একজন মেজর হিসেবে স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান। যিনি তাঁর সহকারী হিসেবে কাজ করেছেন, তিনিও নিজের লেখায় বারবার সম্মানের সঙ্গে জিয়াউর রহমানের নাম উল্লেখ করেছেন এবং কখনো নিজেকে স্বাধীনতার ঘোষক দাবি করেননি।
রিজভী অভিযোগ করেন, কেউ কেউ ইসলামের নামে রাজনীতি ও ব্যবসা করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। অথচ এ দেশের মানুষ ইসলামকে ব্যবসার মাধ্যম নয়, জীবনাচরণের আদর্শ হিসেবে ধারণ করে। ইসলামের নামে মিথ্যা ও প্রতারণা করা ইসলামের সঙ্গেই বিশ্বাসঘাতকতা বলে মন্তব্য করেন তিনি।
নারীদের মর্যাদা প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ইসলাম নারীদের সর্বোচ্চ সম্মান দিয়েছে। অথচ আজ সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা হচ্ছে, যা সারাদেশে ক্ষোভের জন্ম দিয়েছে। এই ক্ষোভ ঢাকতেই নতুন ইস্যু সামনে আনা হচ্ছে, কিন্তু দায় এড়ানো যাবে না।
এ সময় বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, নির্বাহী কমিটির সদস্য মো. মাইনুল ইসলামসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।