তারেক রহমানকে একনজর দেখতে বরিশালের পথে ভোলার হাজারো বিএনপি নেতাকর্মী
দীর্ঘ প্রায় দুই দশক পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সরাসরি দেখার অপেক্ষায় ভোলার তৃণমূল নেতাকর্মীরা। এই প্রত্যাশাকে কেন্দ্র করে বুধবার (৪ ফেব্রুয়ারি) বরিশালে অনুষ্ঠিতব্য বিএনপির জনসভায় যোগ দিতে ভোলা জেলা থেকে সড়ক ও নৌপথে হাজার হাজার নেতাকর্মী বরিশালের উদ্দেশে রওনা হয়েছেন।
জেলা বিএনপির লক্ষ্য, এই জনসভায় ভোলা থেকে অন্তত ২০ হাজার নেতাকর্মীর উপস্থিতি নিশ্চিত করা। জনসভাকে ঘিরে ইতোমধ্যেই ভোলাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
জনসভা শুরুর এক দিন আগেই বরিশালে পৌঁছেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম, সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম এবং যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।
দলীয় সূত্র জানায়, সদর উপজেলা বিএনপির উদ্যোগে বুধবার সকালে ভেদুরিয়া লঞ্চঘাট থেকে ৭টি লঞ্চ ও ৩টি ট্রলারে করে নেতাকর্মীরা বরিশালের পথে যাত্রা শুরু করেন। এ ছাড়া চরফ্যাশনের ঘোষেরহাট ও লালমোহন থেকে আরও ৪টি বিশেষ লঞ্চে করে নেতাকর্মীরা জনসভায় যোগ দিতে রওনা হয়েছেন।
যাতায়াত ব্যবস্থা প্রতিকূল হওয়া সত্ত্বেও বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরার বিএনপি নেতাকর্মীরা এক দিন আগেই বরিশালে পৌঁছেছেন। দলীয় লঞ্চের পাশাপাশি অনেক নেতাকর্মী নিজস্ব ব্যবস্থাপনায় ট্রলার ও ছোট নৌযানে করেও সমাবেশে অংশ নিতে যাচ্ছেন।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সোপান বলেন, এটি শুধু একটি জনসভা নয়, বরং তৃণমূল নেতাকর্মীদের জন্য একটি আবেগঘন মুহূর্ত। জনসভা শেষে নেতাকর্মীরা এলাকায় ফিরে গিয়ে আবারও দলীয় ও নির্বাচনী কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত হবেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোলা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণ বরিশালের এই জনসভাকে বৃহৎ জনসমাবেশে রূপ দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।