সব পাউরুটি কি স্বাস্থ্যকর? জানুন কোনটা খাবেন, কোনটা এড়িয়ে চলবেন
সকালের নাস্তায় পাউরুটি অনেকেরই প্রথম পছন্দ। দ্রুত প্রস্তুত করা যায়, পেটও ভরে—এই কারণে ব্রেড বাটার, স্যান্ডউইচ, ব্রেড অমলেট বা টোস্ট নিয়মিতই থাকে বহু পরিবারের টেবিলে। বর্তমানে বাজারে সাদা পাউরুটি, ব্রাউন ব্রেড, মিল্ক ব্রেড, মাল্টিগ্রেইনসহ নানা ধরনের পাউরুটি পাওয়া যাচ্ছে।
তবে প্রশ্ন হলো—সব পাউরুটি কি সত্যিই স্বাস্থ্যকর?
ওজন নিয়ন্ত্রণ বা সুস্থ থাকার আশায় অনেকেই সাদা পাউরুটির বদলে ব্রাউন বা মাল্টিগ্রেইন ব্রেড বেছে নেন। কিন্তু পুষ্টিবিদদের মতে, শুধু নাম বা রং দেখে পাউরুটি নির্বাচন করলে ভুল হওয়ার আশঙ্কা থাকে। কারণ অনেক তথাকথিত ‘স্বাস্থ্যকর’ পাউরুটিতেও এমন উপাদান থাকে, যা শরীরের জন্য ক্ষতিকর হতে পারে।
মাল্টিগ্রেইন পাউরুটি
‘মাল্টিগ্রেইন’ নাম শুনে অনেকেই ধরে নেন, এতে বিভিন্ন গোটা শস্য ব্যবহার করা হয়েছে। কিন্তু বাস্তবে অনেক ক্ষেত্রে এর মূল উপাদান থাকে পরিশোধিত ময়দা। কেবল ওপরে সামান্য দানা বা শস্য যোগ করা হয়, কখনো আবার রুটি বাদামি দেখাতে ক্যারামেল রং বা গুড়জাতীয় চিনি ব্যবহার করা হয়।
তাই মাল্টিগ্রেইন ব্রেড কিনবার আগে প্যাকেটের উপাদান তালিকা ভালোভাবে পড়ে নেওয়া জরুরি।
সাদা পাউরুটি
সাদা পাউরুটি তৈরি হয় সম্পূর্ণ পরিশোধিত ময়দা দিয়ে। এতে প্রক্রিয়াজাতকরণের সময় ফাইবারসহ বেশিরভাগ পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। এই ধরনের পাউরুটি খেলে রক্তে শর্করার মাত্রা দ্রুত বেড়ে যায়, যা দীর্ঘমেয়াদে ইনসুলিন রেজিস্ট্যান্স ও টাইপ–২ ডায়াবেটিসের ঝুঁকি বাড়াতে পারে।
পুষ্টিবিদদের মতে, সাদা পাউরুটি মূলত ‘খালি ক্যালোরি’—পেট ভরালেও তেমন পুষ্টি দেয় না।
সাওয়ারডো ব্রেড
স্বাস্থ্য সচেতনদের জন্য সাওয়ারডো একটি ভালো বিকল্প হতে পারে। প্রাকৃতিক গাঁজন প্রক্রিয়ায় তৈরি এই পাউরুটিতে উপকারী ব্যাকটেরিয়া তৈরি হয়, যা অন্ত্রের স্বাস্থ্যের জন্য উপকারী। এটি ধীরে হজম হয়, ফলে রক্তে শর্করার মাত্রা হঠাৎ বেড়ে যাওয়ার ঝুঁকি কম থাকে।
যাদের গ্যাস, পেট ফাঁপা বা হজমের সমস্যা আছে, তাদের জন্য এটি তুলনামূলকভাবে সহজপাচ্য।
অঙ্কুরিত শস্যের পাউরুটি
অঙ্কুরিত শস্য দিয়ে তৈরি পাউরুটি পুষ্টিগুণে সমৃদ্ধ। শস্য অঙ্কুরিত হলে ভিটামিন, খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা বেড়ে যায় এবং শরীর সহজে সেগুলো শোষণ করতে পারে। এতে সাধারণ পাউরুটির তুলনায় বেশি প্রোটিন ও ফাইবার থাকে, যা দীর্ঘ সময় পেট ভরা রাখতে সহায়তা করে।
ওজন কমাতে চান বা নিয়মিত ব্যায়াম করেন—এমন ব্যক্তিদের জন্য এটি ভালো পছন্দ হতে পারে।
পাউরুটি কেনার সময় যা খেয়াল রাখবেন
প্যাকেটে ‘১০০% হোল গ্রেইন’ বা ‘১০০% হোল হুইট’ লেখা আছে কিনা দেখুন
প্রতি স্লাইসে চিনি ২ গ্রামের কম কিনা যাচাই করুন
প্রতি স্লাইসে অন্তত ৩–৫ গ্রাম ফাইবার থাকা ভালো
সবশেষে বলা যায়, সব পাউরুটি এক রকম নয়। শুধু রং বা আকর্ষণীয় নাম দেখে নয়, উপাদান যাচাই করেই সিদ্ধান্ত নেওয়া বুদ্ধিমানের কাজ। সঠিক পাউরুটি বেছে নিলে ওজন নিয়ন্ত্রণ, রক্তে শর্করা ও হজম—সবকিছুর ওপরই ইতিবাচক প্রভাব পড়তে পারে।
ছোট্ট এই সচেতনতা ভবিষ্যতের বড় স্বাস্থ্যঝুঁকি কমাতে সহায়ক হতে পারে।