বৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০২৬
হোমআইন ও আদালতআশুলিয়ায় মরদেহ পোড়ানো ও হত্যাকাণ্ড: সাবেক এমপিসহ ৬ জনের মৃত্যুদণ্ড

আশুলিয়ায় মরদেহ পোড়ানো ও হত্যাকাণ্ড: সাবেক এমপিসহ ৬ জনের মৃত্যুদণ্ড

favicon
ভোরের আলো ডেস্ক:
আশুলিয়ায় মরদেহ পোড়ানো ও হত্যাকাণ্ড: সাবেক এমপিসহ ৬ জনের মৃত্যুদণ্ড

জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে আশুলিয়ায় ছয়টি মরদেহ পোড়ানো এবং একজনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলামসহ ছয়জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।


বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এই রায় ঘোষণা করেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারপতি নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।


একই মামলায় আরও সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া অন্যান্য আসামিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হলেও রাজসাক্ষী হিসেবে আদালতে জবানবন্দি দেওয়ায় শেখ আবজালুল হককে ক্ষমা করা হয়েছে।


মামলায় মোট আসামি ছিলেন ১৬ জন। এর মধ্যে আটজন বর্তমানে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. আব্দুল্লাহিল কাফী, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম, পরিদর্শক মো. আরাফাত হোসেন, এসআই আবদুল মালেক, এসআই আরাফাত উদ্দিন, এএসআই কামরুল হাসান, কনস্টেবল মুকুল চোকদারসহ আরও কয়েকজন।


অন্যদিকে সাবেক এমপি সাইফুল ইসলামসহ আটজন আসামি এখনো পলাতক রয়েছেন। পলাতকদের মধ্যে রয়েছেন ঢাকা রেঞ্জের সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি) সৈয়দ নুরুল ইসলাম, ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মো. আসাদুজ্জামান রিপন, আশুলিয়া থানার সাবেক ওসি এ এফ এম সায়েদ, সাবেক পুলিশ পরিদর্শক মোহাম্মদ মাসুদুর রহমান, নির্মল কুমার দাস, সাবেক এএসআই বিশ্বজিৎ সাহা এবং যুবলীগ কর্মী রনি ভূইয়া।