এনসিটি টার্মিনাল বিদেশি কোম্পানিকে দেওয়ার প্রক্রিয়া বাতিলের দাবি স্কপের
চট্টগ্রাম বন্দরের লাভজনক নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রক্রিয়া বাতিলের দাবি জানিয়েছে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)। সংগঠনটি অভিযোগ করেছে, দেশের স্বার্থবিরোধী চুক্তির মাধ্যমে এই টার্মিনাল বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার চেষ্টা চলছে।
বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে স্কপের কেন্দ্রীয় পরিচালনা পরিষদ চট্টগ্রাম বন্দরের শ্রমিক-কর্মচারীদের চলমান আন্দোলনের প্রতি সংহতি জানায়। একই সঙ্গে আন্দোলন দমনের যেকোনো উদ্যোগের বিরুদ্ধে দেশব্যাপী প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন স্কপের যুগ্ম সমন্বয়ক আহসান হাবিব বুলবুল। বক্তব্য দেন জাতীয় শ্রমিক জোটের সভাপতি মেজবাহ উদ্দিন আহমেদ, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সহসভাপতি মাহবুবুল আলম, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ফয়েজ হোসেনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা।
বক্তারা বলেন, চট্টগ্রাম বন্দর দেশের আমদানি-রপ্তানির প্রধান প্রবেশদ্বার এবং জাতীয় অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। বন্দরের নিয়ন্ত্রণ বিদেশি প্রতিষ্ঠানের হাতে গেলে অর্থনীতি ও জাতীয় নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন। বন্দরের আশপাশে জ্বালানি ও প্রতিরক্ষা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ স্থাপনা থাকায় বিষয়টি আরও সংবেদনশীল বলে মন্তব্য করেন তারা।
নেতারা আরও দাবি করেন, দেশের মৌলিক স্বার্থ সংশ্লিষ্ট এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার বর্তমান সরকারের নেই। আন্দোলনকারীদের দাবির প্রতি গুরুত্ব না দিয়ে নেতাদের বদলি করে আন্দোলন দমনের চেষ্টা চলছে বলেও অভিযোগ করা হয়।
শ্রমিক নেতারা দেশের স্বার্থবিরোধী চুক্তি বন্ধে জনগণকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।