সঞ্চয়পত্রের মুনাফায় অতিরিক্ত কর আদায়, ফেরতের উদ্যোগ এনবিআরের
সঞ্চয়পত্রে পাঁচ লাখ টাকা পর্যন্ত পুঞ্জীভূত বিনিয়োগের বিপরীতে অর্জিত মুনাফার ওপর নির্ধারিত ৫ শতাংশ উৎসে করের পরিবর্তে গত ডিসেম্বর ও জানুয়ারিতে ১০ শতাংশ হারে কর কেটে নেওয়ার ঘটনায় বিনিয়োগকারীদের অতিরিক্ত কাটা অর্থ ফেরত দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার।
বর্তমান বিধি অনুযায়ী, পাঁচ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র বিনিয়োগের মুনাফার ওপর উৎসে কর ৫ শতাংশ। আর পেনশনার সঞ্চয়পত্রে পাঁচ লাখ টাকার নিচে বিনিয়োগ হলে কোনো উৎসে কর প্রযোজ্য নয়। পাঁচ লাখ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে সব ধরনের সঞ্চয়পত্রে ১০ শতাংশ উৎসে কর কাটা হয়। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) ২০১৯ সালের ২৮ আগস্ট এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে, যা এখনো কার্যকর রয়েছে।
তবে কোনো নতুন প্রজ্ঞাপন ছাড়াই গত ডিসেম্বর থেকে পাঁচ লাখ টাকার কম বিনিয়োগকারীদের ক্ষেত্রেও ১০ শতাংশ হারে কর কাটা শুরু হয়। ব্যাংক থেকে মুনাফা তুলতে গিয়ে বিনিয়োগকারীরা বিষয়টি বুঝতে পারেন, যখন নভেম্বরের তুলনায় তাদের মুনাফা ১০০ থেকে ১৫০ টাকা পর্যন্ত কমে যায়।
আইআরডি সূত্রে জানা গেছে, পাঁচ লাখ টাকার নিচে বিনিয়োগ রয়েছে এমন গ্রাহকের সংখ্যা প্রায় ১৪ লাখ ৫০ হাজার। পেনশনার সঞ্চয়পত্রের গ্রাহকদের বাদ দিলে প্রায় ১০ লাখ বিনিয়োগকারীর কাছ থেকে গড়ে মাসে ১২৫ টাকা করে দুই মাসে প্রায় ২৫ কোটি টাকা অতিরিক্ত কর কেটে নেওয়া হয়েছে।
বিষয়টি নিয়ে ক্ষোভ তৈরি হলে গত ২ ফেব্রুয়ারি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান জানান, সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়া হচ্ছে এবং আগের নিয়ম অনুযায়ী পাঁচ লাখ টাকার নিচে বিনিয়োগে ৫ শতাংশ উৎসে করই বহাল থাকবে।
পরদিন ৩ ফেব্রুয়ারি এনবিআর জাতীয় সঞ্চয় অধিদপ্তরকে চিঠি দিয়ে জানায়, পাঁচ লাখ টাকা পর্যন্ত পেনশনার সঞ্চয়পত্রে কোনো উৎসে কর কাটা যাবে না। পাশাপাশি আয়কর আইন ২০২৩-এর ধারা ১০৫ অনুযায়ী, কোনো ব্যক্তির মোট সঞ্চয়পত্র বিনিয়োগ পাঁচ লাখ টাকা ছাড়ালে মুনাফার ওপর ১০ শতাংশ উৎসে কর প্রযোজ্য হবে।
এনবিআর জানিয়েছে, ২০১৯ সালের প্রজ্ঞাপন বহাল থাকায় অতিরিক্ত কেটে নেওয়া কর ফেরত দেওয়া হবে। এজন্য প্রমাণপত্র সংযুক্ত করে অনলাইনে আবেদন করার সুযোগ রাখা হবে।
এনবিআর চেয়ারম্যান বলেন, পূর্বের প্রজ্ঞাপন বাতিল না হওয়া পর্যন্ত বিদ্যমান নিয়মই কার্যকর থাকবে এবং গ্রাহকেরা তাদের বাড়তি কাটা অর্থ ফেরত পাবেন।