শাহবাগের কর্মসূচি স্থগিত ইনকিলাব মঞ্চের, আজ ঘোষণা আসছে নতুন আন্দোলনসূচি
শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে চলমান অবস্থান কর্মসূচি স্থগিত করেছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটি জানিয়েছে, আজ শনিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
শুক্রবার দুপুরে আন্দোলনকারীরা ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে স্থাপিত ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় জলকামান, সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জের ঘটনা ঘটে এবং পুরো এলাকা উত্তপ্ত হয়ে ওঠে।
সংঘর্ষে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবেরসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল থেকে দেওয়া এক ভিডিও বার্তায় আব্দুল্লাহ আল জাবের অভিযোগ করেন, আসন্ন নির্বাচনকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে আন্দোলনে হামলা চালানো হয়েছে। তিনি বলেন, “আমরা আমাদের এক ভাইকে হারিয়েছি, তবুও চাই নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হোক। তবে যে দলই ক্ষমতায় আসুক, হাদি হত্যার সুষ্ঠু বিচার না হলে রাজপথ ছাড়ব না।”
পরে সন্ধ্যা থেকে পুলিশি অভিযানের প্রতিবাদে শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন নেতাকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করলে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।