গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন শেষ হয়নি: চট্টগ্রামে আমীর খসরু
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এখনো চলমান রয়েছে। তিনি দাবি করেন, গণতন্ত্রের প্রশ্নে আপসহীন অবস্থান ধরে রাখা একমাত্র দল বিএনপি।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রামের ফটিকছড়ি সরকারি কলেজ মাঠে বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীরের সমর্থনে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু বলেন, অনেকেই মনে করছেন আন্দোলন শেষ হয়ে গেছে, কিন্তু বাস্তবে তা নয়। তিনি জানান, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিএনপি সবসময় গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েছে এবং ভবিষ্যতেও এই অবস্থান বজায় রাখবে।
আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, এই ভোটের মাধ্যমে জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার বার্তা দেবে।
দেশের সার্বভৌমত্ব প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের মানুষ কোনো বিদেশি শক্তির হস্তক্ষেপ চায় না এবং নিজেদের ভবিষ্যৎ নিজেরাই নির্ধারণ করতে চায়।
দেশের বিভিন্ন সংকটময় সময়ে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে বলেও মন্তব্য করেন তিনি। একইসঙ্গে নেতাকর্মী ও সাধারণ ভোটারদের ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
চট্টগ্রাম-২ আসনের বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সালাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন ধানের শীষ প্রতীকের প্রার্থী সরোয়ার আলমগীর এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য ফয়সাল মাহমুদ ফয়েজী।