সাবেক সেনাপ্রধান সাক্ষী, জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে
আওয়ামী লীগের শাসনামলে শতাধিক গুম ও খুনের ঘটনায় অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে হাজির হয়েছেন সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া।
আজ রবিবার (৮ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর কার্যক্রমে তার বিরুদ্ধে প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপন এবং সাক্ষ্যগ্রহণের দিন ধার্য রয়েছে। ট্রাইব্যুনাল-১-এর তিন সদস্যের বিচারিক প্যানেল, যার নেতৃত্ব দিচ্ছেন চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার, এই সাক্ষ্যগ্রহণ সম্পন্ন করবেন। অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
প্রসিকিউশন সূত্র জানায়, শুনানি শুরুতে মামলার প্রেক্ষাপট তুলে ধরে ওপেনিং স্টেটমেন্ট প্রদান করা হবে। এরপর এক নম্বর সাক্ষী হিসেবে সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া জবানবন্দি দেবেন।
এর আগে, ১৪ জানুয়ারি ট্রাইব্যুনাল জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তিনটি সুনির্দিষ্ট অভিযোগে বিচার শুরুর আদেশ দেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, প্রথম অভিযোগ ২০১১ সালের ১১ জুলাই রাতে গাজীপুরের পুবাইলে তার সরাসরি উপস্থিতিতে তিনজনের হত্যার। দ্বিতীয় অভিযোগ ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে বরগুনার পাথরঘাটা উপজেলার বলেশ্বর নদীর মোহনায় ৫০ জনের হত্যার। তৃতীয় অভিযোগেও আরও ৫০ জনকে হত্যার দায় উল্লেখ করা হয়েছে।