এই সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চট্টগ্রাম বন্দর ইজারা চুক্তি হচ্ছে না: বিডা চেয়ারম্যান
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার বিষয়ে বর্তমান সরকারের মেয়াদকালে কোনো চুক্তি স্বাক্ষর হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
আশিক চৌধুরী জানান, প্রকল্পটি ২০১৯ সালে শুরু হলেও গত এক মাস ধরে চূড়ান্ত সমঝোতার আলোচনা চলছে। ডিপি ওয়ার্ল্ড সম্প্রতি প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি চিঠি দিয়ে খসড়া কনসেশন চুক্তি পর্যালোচনার জন্য আরও সময় চেয়েছে। ফলে হাতে থাকা মাত্র দুই কার্যদিবসের মধ্যে প্রয়োজনীয় প্রশাসনিক ও অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব নয় বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, আলোচনার অগ্রগতি নিয়ে ডিপি ওয়ার্ল্ড সন্তুষ্টি প্রকাশ করেছে এবং ভবিষ্যতে ইতিবাচকভাবে আলোচনা এগিয়ে যাবে বলে আশা করছে। চুক্তি স্বাক্ষরের জন্য নির্দিষ্ট কোনো তারিখ আগে থেকে নির্ধারিত ছিল না বলেও জানান তিনি।
এদিকে এনসিটি ইজারা না দেওয়ার দাবিতে ‘চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ’ অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে। ধর্মঘটের কারণে বন্দরে কনটেইনার ডেলিভারি কার্যক্রম বন্ধ হয়ে গেছে এবং জেটি ও বহির্নোঙরে পণ্য খালাস কার্যক্রমও ব্যাহত হচ্ছে।