শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
হোমরাজনীতিনির্বাচন নিয়ে একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে : তারেক রহমান

নির্বাচন নিয়ে একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে : তারেক রহমান

favicon
ভোরের আলো ডেস্ক:
নির্বাচন নিয়ে একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে : তারেক রহমান

ঢাকা, ৯ ফেব্রুয়ারি — নির্বাচনকে ঘিরে একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, আসন্ন নির্বাচনই সেই নির্বাচন, যার জন্য গত ১৬ বছর ধরে দেশের মানুষ অপেক্ষা করছে। এ নির্বাচন হবে জনগণের রাজনৈতিক ও ভোটাধিকারের নির্বাচন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ধানমণ্ডি কলাবাগান মাঠে ঢাকা-১০ আসনের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন ঢাকা-১০ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম রবি।

তারেক রহমান বলেন, গত ১৬ বছরে দেশে নির্বাচনের নামে প্রহসন হয়েছে এবং জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তিনি দাবি করেন, এবারের নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করবে। তবে শুধু রাজনৈতিক অধিকার নয়, এই নির্বাচনকে দেশ গঠন ও জনগণের ভাগ্য পরিবর্তনের নির্বাচন হিসেবে দেখতে চান তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, শুধু প্রতিপক্ষের সমালোচনা করে জনগণের কোনো উপকার হবে না। জনগণের কল্যাণে সুস্পষ্ট পরিকল্পনা ও কর্মসূচি প্রয়োজন, যা জনগণের সামনে উপস্থাপন করে তাদের আস্থা অর্জন করতে হবে। জনগণ সেই পরিকল্পনা বিবেচনা করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলে তবেই প্রকৃত পরিবর্তন সম্ভব।

তিনি দাবি করেন, নারীদের শিক্ষা ও সক্ষমতা বৃদ্ধিতে বিএনপির নির্দিষ্ট কর্মপরিকল্পনা রয়েছে। একইভাবে বেকার যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান তৈরির পরিকল্পনাও দলের আছে বলে উল্লেখ করেন তিনি। কৃষিপ্রধান দেশ হিসেবে কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ চালুর পরিকল্পনার কথাও তুলে ধরেন। পাশাপাশি মায়েদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালুর উদ্যোগ এবং এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনার কথাও জানান, যা গ্রামাঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি করবে।

তারেক রহমান অভিযোগ করেন, গত ১৬ বছরে বড় বড় প্রকল্প বাস্তবায়ন হলেও তা দুর্নীতির সঙ্গে জড়িত ছিল এবং সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। তিনি বলেন, হাসপাতালগুলোতে ওষুধ ও চিকিৎসকের সংকট, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত দুরবস্থা এবং রাস্তাঘাটের অবনতি এখনও বিদ্যমান।

নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ তুলে তিনি বলেন, একটি মহল বিভ্রান্তিমূলক প্রতিশ্রুতি দিচ্ছে এবং নকল ব্যালটের সিল তৈরির অভিযোগে কিছু লোক ধরা পড়েছে। এ বিষয়ে তিনি নেতাকর্মী ও সমর্থকদের সতর্ক থাকার আহ্বান জানান।

ঢাকা-১০ আসনের প্রসঙ্গে তিনি বলেন, ওই আসনের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। বিএনপির প্রার্থী শেখ রবিউল আলম রবি নির্বাচিত হলে এলাকার সমস্যাগুলো সমাধানে কাজ করবেন বলে আশ্বাস দেন তিনি। পাশাপাশি বিএনপি সরকার গঠন করলে রবির দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সহযোগিতা করবেন বলেও জানান।