বৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০২৬
হোমরাজনীতিভোটের ফলাফল না নিয়ে কেন্দ্র ছাড়বেন না: জামায়াত আমির

ভোটের ফলাফল না নিয়ে কেন্দ্র ছাড়বেন না: জামায়াত আমির

favicon
ভোরের আলো ডেস্ক:
ভোটের ফলাফল না নিয়ে কেন্দ্র ছাড়বেন না: জামায়াত আমির

নির্বাচনে ভোট দেওয়ার পরও ভোট চুরির আশঙ্কা থাকতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ভোট দিয়ে ফলাফল নিশ্চিত না করে কেউ যেন কেন্দ্র ত্যাগ না করেন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের বৈঠক শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। এ সময় জোটভুক্ত দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গণভোট প্রসঙ্গে জামায়াত আমির বলেন, তারা আশা করছেন ‘হ্যাঁ’ বিপুল ভোটে বিজয়ী হবে। তার দাবি, ‘হ্যাঁ’ জয়ী হলে দেশে কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে এবং জুলাইয়ের অঙ্গীকার বাস্তবায়িত হবে। পাশাপাশি আবরার ও শরিফ ওসমান হাদি হত্যাসহ আলোচিত ঘটনার বিচারও নিশ্চিত হবে বলে মন্তব্য করেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, ১১ দলীয় জোট বরাবরই সংস্কার ও পরিবর্তনের পক্ষে অবস্থান নিয়েছে। অতীতের রাজনীতির কারণে জাতি ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, দেশে সর্বত্র ন্যায়বিচার প্রতিষ্ঠা করা গেলে বর্তমান অবস্থা থেকে অনেক দূর এগিয়ে যাওয়া সম্ভব।

তরুণদের প্রসঙ্গে তিনি বলেন, দেশের যুবসমাজ কাজ চায়, কারও দয়া নয়। তারা বাংলাদেশ গঠনের অংশীদার হতে চায়। তরুণদের হাতে কাজ তুলে দিয়ে দেশ গড়ার দায়িত্ব দিতে চান বলেও জানান তিনি।

২০০৮ সালের পর দেশে গণরায়ের যথাযথ প্রতিফলন হয়নি দাবি করে জামায়াত আমির বলেন, এবারের নির্বাচনকে ঘিরে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। যাদের ভোট গ্রামে, তারা নাড়ির টানে বাড়ি ফিরছেন এবং ভোট দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তিনি আশা প্রকাশ করেন, গণরায় প্রতিফলিত হলে দেশ নতুন রাজনৈতিক ধারায় এগোবে।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে নিরপেক্ষ ও ন্যায়নিষ্ঠভাবে দায়িত্ব পালন করা উচিত। অতীতের মতো কেউ যেন পক্ষপাতিত্ব না করেন—এ আহ্বান জানান তিনি। একই সঙ্গে তিনি বলেন, তারা কারও আনুকূল্য চান না এবং কাউকে বিশেষ সুবিধা দেওয়াও সমর্থন করেন না।