১১ দলীয় জোট সরকার গঠনের দ্বারপ্রান্তে: নাহিদ ইসলাম
১১ দলীয় জোট সরকার গঠনের দ্বারপ্রান্তে রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম। তিনি বলেন, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট সরকার গঠনের কাছাকাছি অবস্থানে রয়েছে।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে রাজধানীর বাড্ডার বেরাইদ এলাকায় এ কে এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “সুষ্ঠু নির্বাচন হলে আমরা অবশ্যই জনরায় মেনে নেব। গতকাল রাতেও এ কথা বলেছি। নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য অনেকগুলো মানদণ্ড রয়েছে। আমি কিছু বললাম, আরেক দল কিছু বলল—তাতে নির্বাচন ভণ্ডুল হয়ে যাবে না।”
সুষ্ঠু ভোট নিয়ে তিনি আরও বলেন, “মিডিয়া রয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে পর্যবেক্ষণ হচ্ছে। সাধারণ মানুষও সেখানে তাদের মতামত দিচ্ছে।”
তিনি আশা প্রকাশ করেন, ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।