বৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০২৬
হোমরাজনীতিতারেক রহমানের বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা, ঢাকা-১৭ আসনে শপথ নেবেন

তারেক রহমানের বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা, ঢাকা-১৭ আসনে শপথ নেবেন

favicon
ভোরের আলো ডেস্ক:
তারেক রহমানের বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা, ঢাকা-১৭ আসনে শপথ নেবেন

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসনকে শূন্য ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইসি সচিবালয় এ সংক্রান্ত গেজেট জারি করে।


গেজেটে বলা হয়েছে, নির্বাচনী এলাকা বগুড়া-৬ ও ঢাকা-১৭ থেকে নির্বাচিত প্রার্থী তারেক রহমান সংবিধানের ৭১(২)(ক) অনুচ্ছেদের বিধান অনুসারে ঢাকা-১৭ আসন রাখার ইচ্ছা প্রকাশ করেছেন। এরপর ১৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে তিনি নির্বাচন কমিশনের নিকট স্বাক্ষরিত ঘোষণা জমা দিয়েছেন। এই প্রক্রিয়ার ভিত্তিতে ১৬ ফেব্রুয়ারি থেকে বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা করা হলো।


এর আগে সোমবার বিকেলে তারেক রহমান বগুড়া-৬ আসন ছেড়ে দেওয়ার বিষয়টি ইসিতে চিঠি মারফত জানিয়ে দেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন। আগামীকাল মঙ্গলবার ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন।


আইন অনুযায়ী, একজন প্রার্থী সর্বোচ্চ তিনটি আসনে নির্বাচনে অংশ নিতে পারেন। তবে নির্বাচিত হলে তিনি কেবল একটি আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন এবং বাকি আসনগুলো ছেড়ে দিতে হবে। নির্বাচন কমিশন এসব খালি আসনে নিয়ম অনুযায়ী উপ-নির্বাচনের আয়োজন করবে।