বৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০২৬
হোমবিনোদনস্ত্রীর মৃত্যুর সময় নেপালে, দেশে না ফেরার কারণ জানালেন জাহের আলভী

স্ত্রীর মৃত্যুর সময় নেপালে, দেশে না ফেরার কারণ জানালেন জাহের আলভী

favicon
ভোরের আলো ডেস্ক:
স্ত্রীর মৃত্যুর সময় নেপালে, দেশে না ফেরার কারণ জানালেন জাহের আলভী

স্ত্রী আফরা ইবনাত খান ইকরার মৃত্যুর সময় নেপালে শুটিংয়ে ছিলেন অভিনেতা জাহের আলভী। ইকরার আত্মহত্যার পর দাফনে উপস্থিত না থাকায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি।

সোমবার রাত ৮টার পর ফেসবুকে ২৮ মিনিটের একটি ভিডিও প্রকাশ করে দেশে না ফেরা, স্ত্রীর শেষযাত্রায় অনুপস্থিত থাকা এবং বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ—এসব বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন আলভী।

দাফনে না যাওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, দেশে ফিরলেই তাকে ঘিরে ‘মব’ পরিস্থিতি তৈরি হতো এবং ব্যক্তিগত নিরাপত্তা হুমকির মুখে পড়ত। তার দাবি, ঢাকায় ফেরার বিমানের টিকিট কেটে নেপালের বিমানবন্দরে ইমিগ্রেশন সম্পন্ন করার পরও নিরাপত্তা ঝুঁকির কারণে তিনি ফিরে যান।

ভিডিওর শেষদিকে দেশে ফেরার সুযোগ চেয়ে তিনি বলেন, তার সন্তানের কথা ভেবে তাকে বাঁচতে দেওয়া হোক এবং তিনি একজন ভালো বাবা হিসেবে দায়িত্ব পালন করতে চান। ভিডিও প্রকাশের সময় পর্যন্ত তিনি দেশে ফেরেননি বলে ধারণা করা হচ্ছে।

এদিকে আলোচিত অভিনেত্রী ইফফাত আরা তিথি, যিনি একই শুটিং টিমে ছিলেন, এক সাক্ষাৎকারে জানান—তিনি ও পুরো টিম ২ মার্চ দেশে ফিরেছেন। তার ভাষ্য, ঘটনার দিন হঠাৎ টিকিট পাওয়া যায়নি, পরদিন টিকিটের ব্যবস্থা করে সবাই দেশে ফেরেন।

উল্লেখ্য, ইকরার মৃত্যুকে কেন্দ্র করে দায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় তিথির নাম অন্যতম অভিযুক্ত হিসেবে এসেছে। বিষয়টি নিয়ে তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে।