মির্জা আব্বাস চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ
সিঙ্গাপুরের উদ্দেশে আজ রওনা দিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুল্যান্স। তার সঙ্গে আছেন স্ত্রী আফরোজা আব্বাস ও ছেলে ইমরান আব্বাস।
রোববার (১৫ মার্চ) বেলা সাড়ে ১১টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুল্যান্সটি রওনা হয় বলে জানিয়েছেন মির্জা আব্বাসের একান্ত সহকারী মিজানুর রহমান সোহেল। তিনি জানান, বেলা ১১টা ১৭ মিনিটে বিমানটি উড্ডয়ন করেছে। চার ঘণ্টার পথ পাড়ি দিয়ে এটি সিঙ্গাপুর পৌঁছানোর কথা।
এর আগে সকাল ৯টা ১০ মিনিটে এয়ার অ্যাম্বুল্যান্সটি ঢাকায় অবতরণ করেছিল এবং দুপুর ১২টায় সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা ছিল। তার সঙ্গে ছিলেন সহধর্মিণী আফরোজা আব্বাস এবং জ্যেষ্ঠ পুত্র মির্জা ইয়াসির আব্বাস ভাশন।
গত বৃহস্পতিবার ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মির্জা আব্বাসকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সিটি স্ক্যান রিপোর্টে জটিলতা ধরা পড়লে মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্তে শুক্রবার তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচার পরবর্তী নিবিড় পর্যবেক্ষণে থাকা অবস্থায় শনিবার সকালে তার পুনরায় সিটি স্ক্যান করা হয় এবং চিকিৎসকরা পরীক্ষার ফলাফল সন্তোষজনক জানিয়ে দেন।
মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা হাসপাতাল গিয়ে তার পরিবারের সঙ্গে দেখা করেছেন এবং দ্রুত আরোগ্য কামনা করেছেন। বর্তমানে সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে।