বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে বিপণিবিতান ও ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা
বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে বিপণিবিতান ও ব্যবসায়িক স্থাপনার জন্য নতুন কিছু নির্দেশনা নির্ধারণ করেছে সরকার।
নির্দেশনায় বলা হয়েছে, সব বিপণিবিতান ও ব্যবসায় প্রতিষ্ঠানের বাইরের আলোকসজ্জা বন্ধ রাখতে হবে। এসব স্থাপনায় ব্যবহৃত শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি তাপমাত্রায় চালাতে হবে। পাশাপাশি দোকান বা বিপণিবিতান বন্ধ করার সঙ্গে সঙ্গে সাইনবোর্ডের আলোও বন্ধ রাখতে হবে।
রোববার বিদ্যুৎ বিভাগে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
সভায় বাংলাদেশ দোকান মালিক সমিতি, বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি, ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতি, এফবিসিসিআই এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি, সাধারণ সম্পাদক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত ব্যবসায়ী সংগঠনের নেতারা বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে এসব সিদ্ধান্ত বাস্তবায়নে সহযোগিতা করার আশ্বাস দেন।