মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
হোমআইন ও আদালতজিয়াউর রহমানকে নিয়ে মন্তব্যের মামলায় মেনন-ইনু-মানিকের জামিন

জিয়াউর রহমানকে নিয়ে মন্তব্যের মামলায় মেনন-ইনু-মানিকের জামিন

favicon
ভোরের আলো ডেস্ক:
জিয়াউর রহমানকে নিয়ে মন্তব্যের মামলায় মেনন-ইনু-মানিকের জামিন

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে দায়ের করা মানহানির মামলায় সাবেক সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন, সুপ্রিম কোর্টের বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর জামিন মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকির আদালত শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান।

আদালত সূত্রে জানা গেছে, আসামি হাসানুল হক ইনুকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতে হাজির করা হয়। অপর দুই আসামি রাশেদ খান মেনন ও শামসুদ্দিন চৌধুরী মানিককে হাজিরার জন্য আদালতে আনা হয়। শুনানি শেষে ইনুকে গ্রেপ্তার দেখানো হয় এবং পরে তিন আসামির পক্ষে আইনজীবীরা জামিন আবেদন করেন। আদালত শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন।

এর আগে, গত ২১ জানুয়ারি একই মামলায় মেনন ও মানিককে গ্রেপ্তার দেখানো হয়। ২০২৪ সালের ২২ আগস্ট আইনজীবী জিয়াউল হক বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আদালত মামলাটি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-কে তদন্তের নির্দেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০২২ সালের ৩ অক্টোবর একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক জিয়াউর রহমানকে ‘রাজাকার ও যুদ্ধাপরাধী’ হিসেবে উল্লেখ করেন।