রমজানের ছুটির ঘাটতি পুষাতে ১০ শনিবার খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়
রমজান মাসজুড়ে বিদ্যালয়ে ছুটি থাকায় শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে ১০টি শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
মঙ্গলবার মন্ত্রণালয়ের উপপরিচালক মো. অয়নাল আবেদীন স্বাক্ষরিত এক পরিপত্রে এ সিদ্ধান্ত জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন।
পরিপত্রে বলা হয়েছে, রমজানের ছুটির কারণে সৃষ্ট শিখন ঘাটতি পূরণে বিদ্যালয়সমূহে শ্রেণি কার্যক্রম পুনরায় শুরু হওয়ার পর ধারাবাহিকভাবে ১০টি শনিবার পাঠদান কার্যক্রম চালু রাখতে হবে।
এ সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দেশের সব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের কাছে নির্দেশনা পাঠানো হয়েছে।