দেলোয়ার হত্যা মামলায় সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদের ৫ দিনের রিমান্ড
মিরপুর মডেল থানা এলাকার দেলোয়ার হোসেন হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই)-এর সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ-এর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (২৬ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছিদ্দিক আজাদ শুনানি শেষে এ আদেশ দেন।
শুনানিকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-কে ক্যান্টনমেন্ট থেকে বের করে দেওয়ার ঘটনায় মামুন খালেদের ভূমিকা ছিল এবং এর মাধ্যমে তিনি রাজনৈতিক সুবিধা পেয়েছেন।
পিপি আরও অভিযোগ করেন, ছাত্র আন্দোলনে তার নির্দেশে হামলার ঘটনা ঘটে, যেখানে দেলোয়ার নামে একজন নিহত হন। এছাড়া ১/১১ সময়কালে ব্যবসায়ী ও রাজনৈতিক নেতাদের আটক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার অভিযোগও তোলেন তিনি।
শুনানিতে আরও বলা হয়, বিভিন্ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে এবং তদন্তের স্বার্থে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।