বৃহস্পতিবার , ০২ এপ্রিল ২০২৬
হোমশিক্ষানকল হলে শিক্ষার্থীর পাশাপাশি শিক্ষকদের বিরুদ্ধেও ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

নকল হলে শিক্ষার্থীর পাশাপাশি শিক্ষকদের বিরুদ্ধেও ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

favicon
ভোরের আলো ডেস্ক:
নকল হলে শিক্ষার্থীর পাশাপাশি শিক্ষকদের বিরুদ্ধেও ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

পরীক্ষায় নকল হলে শুধু শিক্ষার্থীদের নয়, কেন্দ্রের দায়িত্বরত শিক্ষকদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন

তিনি জানান, আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা সম্পূর্ণ নকলমুক্ত ও প্রশ্নফাঁসমুক্ত করতে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে। কোনো কেন্দ্রে অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্ট শিক্ষার্থী ছাড়াও দায়িত্বরত কর্মকর্তা ও শিক্ষকদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রী আরও বলেন, এবার খাতায় কোনো ধরনের ‘গ্রেস মার্ক’ বা অনুকম্পার সুযোগ রাখা হচ্ছে না। শিক্ষার্থীরা যা লিখবে, তার ভিত্তিতেই নম্বর পাবে। মেধার প্রকৃত মূল্যায়ন নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নকল প্রতিরোধে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং বিশেষ নজরদারি চালানো হবে। পর্যায়ক্রমে সব পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি বাধ্যতামূলক করার পরিকল্পনাও রয়েছে। প্রয়োজনে আগের মতো হেলিকপ্টার পর্যবেক্ষণ ব্যবস্থাও চালু থাকতে পারে বলে জানান তিনি।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দেশজুড়ে নকল ও অনিয়ম প্রতিরোধে নজিরবিহীন কঠোরতা আরোপ করা হচ্ছে। দুর্গম, চরাঞ্চল, উপকূলীয় ও পাহাড়ি এলাকার কেন্দ্রগুলোতে বিশেষ তদারকি থাকবে।

এদিকে প্রশ্নপত্র ফাঁস রোধে মুদ্রণ ও বিতরণের প্রতিটি ধাপে বাড়ানো হয়েছে নিরাপত্তা। পুরো প্রক্রিয়াকে ডিজিটাল ট্র্যাকিংয়ের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, আগামী ২১ এপ্রিল থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে।