ঈদের পরও বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে নিত্যপণ্য
ঈদের পরও রাজধানীর বাজারে স্বস্তি ফেরেনি। মিরপুর-১১ ও মিরপুর-৬ এলাকার কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, অনেক দোকান এখনো পুরোপুরি খোলেনি। ক্রেতার উপস্থিতিও কম, তবে দামে তার কোনো প্রভাব পড়েনি। বরং বেশির ভাগ নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী।
বিক্রেতারা বলছেন, ঈদের ছুটির পর বাজার এখনো পুরোপুরি সচল হয়নি। পাইকারি বাজারে দাম বেশি থাকায় খুচরা বাজারেও তার প্রভাব পড়ছে। সরবরাহ স্বাভাবিক হলে পরিস্থিতির উন্নতি হতে পারে।
সবচেয়ে বেশি চাপ পড়েছে মুরগির বাজারে। সোনালি মুরগি কেজি ৩৫০ টাকা, লেয়ার ৩৭০ টাকা এবং দেশি মুরগি ৭০০ টাকায় বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগিও ২০০-২২০ টাকার নিচে নামছে না। পরিবহন খরচ বৃদ্ধি পাওয়াকে দাম বৃদ্ধির প্রধান কারণ হিসেবে উল্লেখ করছেন ব্যবসায়ীরা।
এদিকে গরুর মাংস ৭৫০-৮০০ টাকা এবং খাসির মাংস প্রায় ১,২০০ টাকায় বিক্রি হচ্ছে। মাছের বাজারেও উচ্চমূল্য বিরাজ করছে—রুই ৩০০-৩৫০, কাতলা ৩২০-৩৫০, পাঙাশ ১৮০-২০০ এবং তেলাপিয়া ১৮০-২২০ টাকা কেজি।