অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা অ্যাটর্নি জেনারেলের
অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের কিছু আইন কর্মকর্তা নোট বাণিজ্য ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেন, এসব অভিযোগ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
রবিবার (২৯ মার্চ) দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে প্রথম কর্মদিবসে কার্যালয়ে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এর আগে সকাল ১১টার দিকে সিনিয়র আইনজীবীদের সঙ্গে নিয়ে দোয়া-মোনাজাতের মাধ্যমে তার কার্যক্রম শুরু করেন তিনি। এ সময় উপস্থিত আইনজীবীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, ভারপ্রাপ্ত সম্পাদক মাহফুজুর রহমান মিলন, সাবেক অ্যাটর্নি জেনারেল ফিদা এম কামাল, সিনিয়র আইনজীবী ও সংসদ সদস্য ফজলুল রহমান, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ, মুহাম্মদ আবদুল জব্বার ভুঞা এবং মোহাম্মদ অনীক আর হক উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার রাষ্ট্রপতি ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেন।