জ্বালানি সংকটে অনলাইন ক্লাসসহ সাশ্রয়ী পদক্ষেপ ভাবছে সরকার
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সংকট দেখা দেওয়ায় নতুন সরবরাহ কমে গেছে এবং মজুদ দিয়ে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। এ অবস্থায় জ্বালানি খাতে চাপ কমাতে সাশ্রয়ী পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে সরকার।
এর অংশ হিসেবে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আংশিক অনলাইন ক্লাস চালুর বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে। রমজান ও ঈদের ছুটি শেষে সম্প্রতি শিক্ষাপ্রতিষ্ঠান খুললেও নতুন করে ক্লাস-পরীক্ষা বন্ধ না রেখে অনলাইন মাধ্যমে কার্যক্রম চালানোর কথা ভাবা হচ্ছে, যাতে শিক্ষাব্যবস্থায় নেতিবাচক প্রভাব না পড়ে।
এ বিষয়ে বিভিন্ন সরকারি সংস্থাকে নিজস্ব প্রস্তাব তৈরি করতে বলা হয়েছে। প্রস্তাবগুলো আগামী মন্ত্রিসভা বৈঠকে উপস্থাপন করা হতে পারে।
এদিকে জ্বালানি সাশ্রয়ের জন্য সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে সাপ্তাহিক ছুটি বাড়ানো, ওয়ার্ক ফ্রম হোম চালু করা কিংবা অফিসের সময়সূচিতে পরিবর্তনের বিষয়েও চিন্তাভাবনা চলছে।
তবে এখনো এসব বিষয়ে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয়নি। পাশাপাশি জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ১১টি নির্দেশনা জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।