মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
হোমআইন ও আদালতআবু সাঈদ হত্যা মামলার রায় আজ, ট্রাইব্যুনালে ৬ আসামি হাজির; সরাসরি সম্প্রচার

আবু সাঈদ হত্যা মামলার রায় আজ, ট্রাইব্যুনালে ৬ আসামি হাজির; সরাসরি সম্প্রচার

favicon
ভোরের আলো ডেস্ক:
আবু সাঈদ হত্যা মামলার রায় আজ, ট্রাইব্যুনালে ৬ আসামি হাজির; সরাসরি সম্প্রচার

জুলাই গণ-অভ্যুত্থানে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়-এর শিক্ষার্থী শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় আজ ঘোষণা করা হবে। ইতোমধ্যে গ্রেপ্তার ছয় আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-এ হাজির করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে কারাগার থেকে প্রিজনভ্যানে করে তাদের ট্রাইব্যুনালে আনা হয়। এ মামলার রায় ঘোষণা করবেন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী-এর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল।

রায়টি সরাসরি সম্প্রচার করা হবে বাংলাদেশ টেলিভিশন-এ। এ তথ্য নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম

এই মামলার ছয় আসামি হলেন—এএসআই আমির হোসেন, সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ।

বহুল আলোচিত এই মামলার তদন্ত প্রতিবেদন গত বছরের ২৪ জুন দাখিল করা হয়। পরে ৩০ জুন প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগ জমা দিলে ট্রাইব্যুনাল তা আমলে নিয়ে ৩০ জন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

গত ৬ আগস্ট অভিযোগ গঠনের মাধ্যমে বিচার কার্যক্রম শুরু হয় এবং ২৭ আগস্ট সূচনা বক্তব্য উপস্থাপনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক বিচার শুরু হয়। পরদিন থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হয়ে চলতি বছরের ১৩ জানুয়ারি পর্যন্ত চলে। এ সময় তদন্ত কর্মকর্তা রুহুল আমিনসহ মোট ২৫ জন সাক্ষী ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন।

এরপর ২০ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়। পরবর্তীতে ৫ মার্চ রায়ের তারিখ নির্ধারণ করা হয়, যার ধারাবাহিকতায় আজ এ রায় ঘোষণা করা হচ্ছে।

রায় ঘোষণা উপলক্ষে ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ, র‍্যাবসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।