বৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০২৬
হোমরাজনীতিউপনির্বাচনে অনিয়মের অভিযোগে দলীয় সরকারের সমালোচনা জামায়াতের

উপনির্বাচনে অনিয়মের অভিযোগে দলীয় সরকারের সমালোচনা জামায়াতের

favicon
ভোরের আলো ডেস্ক:
উপনির্বাচনে অনিয়মের অভিযোগে দলীয় সরকারের সমালোচনা জামায়াতের

বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচনে অনিয়ম, জাল ভোট ও সহিংসতার অভিযোগ তুলে দলীয় সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থার কঠোর সমালোচনা করেছে। দলটির আমির ডা. শফিকুর রহমান এ নির্বাচনকে ‘বীভৎস রূপ’ হিসেবে আখ্যা দিয়েছেন।

বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি বলেন, দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত এসব উপনির্বাচন দেশের মানুষের সামনে একটি উদ্বেগজনক চিত্র তুলে ধরেছে। তার মতে, জাতীয় সংসদ একটি পবিত্র দায়িত্বের জায়গা, যেখানে জনগণের প্রকৃত ভোটে নির্বাচিত প্রতিনিধিরাই থাকা উচিত। কিন্তু জোরপূর্বক ফল পরিবর্তনের মাধ্যমে নির্বাচিত হলে তা দেশ ও জাতির জন্য ক্ষতিকর হতে পারে।

এদিকে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, নির্বাচনে এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া, জাল ভোট প্রদান এবং সহিংসতার ঘটনা ঘটেছে। এসব অনিয়মের প্রতিবাদ করায় দলের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তিনি।

রাজধানীর মগবাজারে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রশাসন কোনো নির্দেশে নীরব ভূমিকা পালন করছে বলে তাদের সন্দেহ। পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন, উপনির্বাচনে যদি এমন পরিস্থিতি দেখা যায়, তাহলে ভবিষ্যতের স্থানীয় নির্বাচন কেমন হবে।

অভিযুক্ত কেন্দ্রগুলোর প্রিজাইডিং কর্মকর্তা ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। তবে পরিস্থিতি নিয়ে দল আবেগপ্রবণ কোনো সিদ্ধান্ত নেবে না বলেও জানান।